বাংলাদেশের টেস্ট অভিষেকের ২৫ বছর পূর্তি শেষে ২৬ বছরে পড়েছে আজ। এমন দিনেই আজ সিলেটে সাদা পোশাকে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো টেস্টে লড়বে দল দুটি। আগের একমাত্র মোকাবেলায় জয় পায় বাংলাদেশ।
২৫ বছরে মোট ১৫৪টি টেস্ট খেলে মাত্র ২৩টি জিতেছে বাংলাদেশ, হার ১১২টিতে, আর ড্র হয়েছে ১৯টি ম্যাচ। ২৪তম জয়ের খোঁজে আজ সিলেটে খেলতে নামছে টাইগাররা।
দুই টেস্টের সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এ সিরিজেই প্রথম বাংলাদেশী হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়বেন মুশফিকুর রহিম। সিলেটের ম্যাচটি হবে তার ৯৯তম ও এরপর ঢাকায় আইরিশদের বিপক্ষে খেলবেন শততম টেস্ট।
৩৮ বছর বয়সী মুশফিক এখন পর্যন্ত ৯৮ টেস্টে ১২টি সেঞ্চুরি ও ২৭টি ফিফটির সাহায্যে করেছেন দেশের হয়ে সর্বোচ্চ ৬ হাজার ৩২৮ রান। এছাড়া তামিম ইকবাল ৫ হাজার ১৩৪ রান নিয়ে দুইয়ে, মুমিনুল হক ৪ হাজার ৬২৭ রান নিয়ে তিনে, সাকিব আল হাসান ৪ হাজার ৬০৯ রান নিয়ে চারে ও হাবিবুল বাশার ৩ হাজার ২৬ রান নিয়ে পাঁচে অবস্থান করছেন। ৭৩ টেস্ট খেলে মুশফিকের কাছাকাছি অবস্থানে রয়েছেন মুমিনুল, যিনি চলতি সিরিজে সংখ্যাটি আরো বাড়িয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন।










