ইংল্যান্ডের মাঠে ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের জমজমাট লড়াই শেষ হওয়ার পাঁচ সপ্তাহের মধ্যেই মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ব্রেন্টফোর্ড ও আর্সেনালের ম্যাচ দিয়ে আজই শুরু হয়ে যাচ্ছে বিশ্বের জনপ্রিয় এ ফুটবল লিগের ২০২১-২০২২ মৌসুমের লড়াই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
চ্যাম্পিয়ন্সশিপ থেকে এবার ইংলিশ প্রিমিয়ার লিগে উঠে এসেছে নরউইচ সিটি, ওয়াটফোর্ড ও ব্রেন্টফোর্ড। অবনমিত হয়ে গেছে ফুলহাম, ওয়েস্ট ব্রমউইচ ও শেফিল্ড ইউনাইটেড। নবাগত ব্রেন্টবোর্ডের বিপক্ষে আর্সেনালের ম্যাচ দিয়েই পর্দা উঠছে এবারের প্রিমিয়ার লিগ মৌসুমের।
গত কয়েক মৌসুম ধরেই প্রিমিয়ার লিগের টিকিট প্রাপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েও বারবার হতাশ হচ্ছিল ব্রেন্টফোর্ড। অবশেষে গত মৌসুমে প্লে-অফে সোয়ানসিকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ লিগে খেলার যোগ্যতা অর্জন করে ‘মৌমাছি’রা। প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচেই তারা সামনে পড়েছে লন্ডন জায়ান্ট আর্সেনালের।
নতুন মৌসুমে আগামীকাল দ্বিতীয় দিন মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভাপুলের মতো বড় দল। ম্যানইউ নিজেদের প্রথম ম্যাচে খেলবে লিডস ইউনাইটেডের বিপক্ষে, বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন চেলসির প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস আর লিভারপুল মুখোমুখি হবে নরউইচ সিটির। রোববার মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, প্রথম ম্যাচে যাদের প্রতিপক্ষ টটেনহাম হটস্পার্স।
গত মৌসুমে দর্শকহীন মাঠে খেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো। ১৮ মাস পর স্বরূপে ফিরছে প্রিমিয়ার লিগ। মাঠে ফিরছেন ফুটবলের প্রাণ দর্শক। যদিও দর্শকদের মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি।
শিরোপার জন্য লড়াই করতে যে যার সামর্থ্য মতো দল গঠন করেছে এবার। চেলসি ক্লাব রেকর্ড ৯৭.৫ মিলিয়ন পাউন্ডে ইন্টার মিলান থেকে কিনেছে রোমেলু লুকাকুকে। বরুশিয়া ডর্টমুন্ড থেকে ৭৩ মিলিয়ন পাউন্ডে ইংলিশ উইঙ্গার জ্যাডন সাঞ্চোকে দলে ভিড়িয়েছে ম্যানইউ, অ্যাস্টন ভিলা থেকে ইংলিশ রেকর্ড ১০০ মিলিয়ন পাউন্ডে উইঙ্গার জ্যাক গ্রিয়ালিশকে কিনেছে ম্যানচেস্টার সিটি।
গত মৌসুমে দ্বিতীয় স্থানধারী ম্যানইউর চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা জয় করে ম্যানসিটি। পরের দুটি জায়গা দখল করে লিভারপুল ও চেলসি। এরপর ছিল লেস্টার সিটি ও ওয়েস্ট হাম। শীর্ষ চার থেকে ছিটকে যায় টটেনহাম ও আর্সেনাল।
লিগ শিরোপা জিততে না পারলেও গত মৌসুমে লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে চমক দেখায় চেলসি। ব্লুজরা লুকাকুকে কিনে এবার শক্তিবৃদ্ধি করেছে এবং এবার শিরোপার জন্য খেলবে। এরই মধ্যে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ভিলারিয়ালকে হারিয়ে ইউরোপিয়ান সুপার কাপ জয় করে উজ্জীবিত লন্ডন জায়ান্টরা। গার্দিওলার সিটি কি শিরোপা ধরে রাখতে পারবে নাকি মুকুট চলে যাবে লন্ডনে?










