রবার্ট লেভানদোভস্কির ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’র পুরস্কার জেতাটা অনুমেয় ছিল। বাকি ছিল কেবল ঘোষণার অপেক্ষা। সেই ঘোষণাতেও ছিল না বাড়তি কোন চমক। দুর্দান্ত এক মৌসুম কাটানো এই পোলিশ স্ট্রাইকারের হাতে উঠল সেরা খেলোয়াড়ের ট্রফি। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে ঘোষণা করা হয় লেভার নাম। বিশ্বব্যাপী ফুটবল অধিনায়ক, কোচ, সাংবাদিক ও ফিফা ডটকমের নির্বাচিত সদস্যরা ভোটের মাধ্যমে লেভাকে সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন।

এর আগে ১১ নভেম্বর সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর গত শুক্রবার সেটিকে তিনজনে নামিয়ে আনে ফিফা। যেখানে লেভা ছাড়া অন্য দুজন ছিলেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। বর্ষসেরার আয়োজনে গত এক দশক ধরে দাপট দেখানো দুজন যে এবার দর্শকের ভূমিকায় থাকবেন তা আগে থেকেই বোঝা যাচ্ছিল। ফিফা বর্ষসেরা জেতার আগে উয়েফা বর্ষসেরার পুরস্কারও জিতেছিলেন বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে দারুণ অবদান রাখা এই স্ট্রাইকার। চ্যাম্পিয়ন্স লিগে লেভার গোল সংখ্যা ছিল ১৫। পাশাপাশি বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়ের পথে সবমিলিয়ে গোল করেছিলেন  ৪৭ ম্যাচে ৫৫ গোল। নিজের এই অর্জনকে অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন লেভা।

এদিকে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লোপ। আগেরবার জিতেছিলেন লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে, এবার জিতলেন প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধার করে। এছাড়া বর্ষসেরা গোলের পুরস্কার ‘পুসকার অ্যাওয়ার্ড’ পেয়েছেন টটেনহাম স্ট্রাইকার সন হিউং মিন। বর্ষসেরা নারী ফুটবলার হয়েছে ম্যানচেস্টার সিটির ইংলিশ তারকা লুসি ব্রোঞ্জ।

গোল ডটকম