টি২০ ক্রিকেটে স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছেন পাকিস্তানের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। যেভাবে চেয়েছেন সেভাবেই সবুজ গালিচায় এঁকেছেন ব্যাটের তুলিতে। রিজওয়ান ক্রিকেটে হঠাৎ বদলে যাওয়া এক গল্প। নিজের ব্যাটিংকে নিয়ে গেছেন শৈল্পিক পর্যায়ে।

স্বীকৃত ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এক বর্ষপঞ্জিকায় একজন ক্রিকেটার ২০৩৬ রান! পাকিস্তানের এই উইকেটরক্ষক-ব্যাটার ২০২১ বর্ষপঞ্জিকায় সেই কীর্তিই গড়েছেন। যেখানে তিনি পেছনে ফেলেছেন বাবর আজম, ক্রিস গেইল ও বিরাট কোহলিদের মতো তারকাকে।

২০১৫ সালের ২৪ এপ্রিল মিরপুরে বাংলাদেশের বিপক্ষে টি২০ অভিষেক। সে ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। পরের মাসেই লাহোরে শ্রীলংকার বিপক্ষে প্রথমবারের মতো ব্যাট করার সুযোগ পান। কিন্তু সেদিন ৬ রানে থামতে হয় তাকে। ওই বছর আরো পাঁচ ম্যাচে ব্যাট করার সুযোগ পান। একটিতেও সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। এতেই পুড়ল রিজওয়ানের কপাল।

২০১৬ সালের শুরু ও শেষে দুটি টি২০ খেলার সুযোগ মেলে। এক ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি! এর পর যা হওয়ার তাই হলো। এ ফরম্যাটে ২০১৭ ও ২০১৮ সালে (দুই বছর) দলেই ডাকা হয়নি তাকে।

২০১৯ সালে তাকে আবারো দলে ডাকা হয়। কিন্তু জাতীয় দলের জার্সিতে সে বছরে ছয় ম্যাচে মাত্র ৭৪ রান করেন। এর পরও বোর্ড তার ওপর আস্থা রাখে। টানা ফ্লপ করা রিজওয়ানের প্রথমবার ব্যাট হাসে ২০২০ সালের ২২ ডিসেম্বর। নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৫৯ বলে ৮৯ রানের ঝকঝকে এক ইনিংস।

১৮তম টি২০-তে এসে পেলেন প্রথম হাফসেঞ্চুরির দেখা। সেই শুরু। এরপর ৫৫ ম্যাচে মাঠে নেমে ৪৪ ইনিংসে ব্যাট করেছেন। প্রথম ১৭ ইনিংস মিলে করেন ২২৪ রান। সেই রিজওয়ান সদ্যশেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিন ম্যাচে করেন ২০৩ রান! শেষ ২৭ ইনিংসে ১৩টি অর্ধশতকের সঙ্গে আছে একটি সেঞ্চুরিও।

২০২১ পঞ্জিকাবর্ষে রিজওয়ান খেলেছেন ২৯টি টি২০। এতগুলো ম্যাচ আগের ছয় বছরেও তিনি খেলেননি। ফেব্রুয়ারিতে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৪ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস দিয়ে অনবদ্য এ বছরটি শুরু হয় রিজওয়ানের। পুরো বছরে জাতীয় দলের জার্সিতে ২৬ ইনিংসে ব্যাট করেছেন। তাতেই গড়লেন অনন্য এক কীর্তি। টি২০-তে এক পঞ্জিকাবর্ষে ৭৩.৬৬ গড়ে করেছেন ১৩২৬ রান। যেখানে এক হাজার রানও কারো নামের পাশে নেই। এর মধ্যে ছিল ১২টি হাফসেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ হাফসেঞ্চুরিও রিজওয়ানের নামেই লেখা হলো। যার মধ্যে তিনি আট ম্যাচে অপরাজিত ছিলেন। যে ইনিংসগুলো ছিল সব সত্তরের ওপরে!

সমান ২৬ ইনিংসে ৩৭.৫৬ গড়ে এ বছর ৯৩৯ রান করেন সতীর্থ বাবর আজম। জাতীয় দলের হয়ে এ ফরম্যাটে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় বাবর। ২০১৯ সালে ২০ ইনিংসে ৪১.৫৫ গড়ে ৭৪৮ রান করেছিলেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। একই বছর ২৩ ইনিংসে ৩১.৬৯ গড়ে ৭২৯ রান করেছিলেন স্বদেশী কেভিন ও’ব্রায়েন।

তবে জাতীয় দলের সঙ্গে ঘরোয়া ও ফ্রাঞ্চাইজি লিগ মিলে স্বীকৃত ক্রিকেটে রিজওয়ান পৌঁছে গেছেন আরো উঁচুতে। সব মিলিয়ে ২০২১ পঞ্জিকাবর্ষে ৪৮ ম্যাচে ৪৫ ইনিংস ব্যাট করে ৫৬.৫৫ গড়ে তার সংগ্রহ ২০৩৬ রান, যা ছোট ফরম্যাটে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ। একটি সেঞ্চুরির সঙ্গে হাফসেঞ্চুরি করেছেন ১৮টি। ৫৭টি ছক্কা হাঁকিয়ে এখানেও সবার উপরে তিনি। তার পরই বাবর। এ বছর ৪৩ ইনিংসে ৪৮.০৮ গড়ে তার সংগ্রহ ছিল ১৭৭৯ রান। তিন নম্বরে ক্রিস গেইল। ২০১৫ সালে জাতীয় দল ও ফ্রাঞ্চাইজির হয়ে ৩৬ ইনিংসে ৫৯.৪৬ গড়ে করেছিলেন ১৬৬৫ রান। ওই সময় ১৩৫টি ছক্কা হাঁকান গেইল! ২০১৬ সালে ২৯ ইনিংসে ৮৯.৬৬ গড়ে ১৬১৪ রান করেন বিরাট কোহলি। ক্রিকইনফো