খেলার দ্বিতীয় দিনে বৃষ্টির কবলে পড়েছে
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ঢাকা টেস্ট। গতকাল বুধবার (৬ ডিসেম্বর) প্রথম দিনে আকাশ
মেঘাচ্ছন্ন থাকলেও খেলা চলেছে ফ্লাডলাইটের আলোতে।
কিন্তু রাতে শুরু হওয়া বৃষ্টিতে হোঁচট
খেল দ্বিতীয় দিনের খেলা। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম এখন কাভারে ঢাকা। ফলে টেস্টের
দ্বিতীয় দিনের খেলা শুরু হতে কিছুটা দেরি হবে, সেটা একপ্রকার নিশ্চিতই ছিল। তবে ঠিক
কখন থেকে খেলা শুরু হবে, সেটার জন্য চোখ রাখতে হবে আবহাওয়ার দিকে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বৃহস্পতিবার ঢাকাসহ
দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে
অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়
মিগজাউমের প্রভাবেই এমন বৃষ্টি বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম
দিন ১৭২ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে নিউজিল্যান্ড ৫৫ রানে
হারায় ৫ উইকেট।










