‘আফ্রিকা কাপ অব নেশন্স-২০২৩’ থেকে বিদায় নিল রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মিসর। রোববার রাতে ফারাওদের পেনাল্টি শ্যুটআউটে ৮-৭ গোলের ব্যবধানে হারিয়ে দেয় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।
আইভরি কোস্টে চলমান ৩৪তম
নেশন্স কাপে একাধিক অঘটন ঘটেছে। সর্বশেষ অঘটনের শিকার মিসর। ঘানা, আলজেরিয়া, তিউনিসিয়ার
মতো শক্তিশালী দল এবার শেষ ষোলোয় উঠতে ব্যর্থ হয়, বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে।
নির্ধারিত ৯০ মিনিট ও
অতিরিক্ত ৩০ মিনিটের খেলা শেষে ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত থাকলে গড়ায় টাইব্রেকারে।
স্নায়ুক্ষয়ী এই টাইব্রেকারে কঙ্গোর গোলকিপার লিওনেল এমপাসি ১৮তম শটটি নেন। তার গোলেই
জয় নিশ্চিত হয় কঙ্গোর।
৩৭ মিনিটে মেসচ্যাক এলিহার
গোলে লিড নেয় কঙ্গো। এর নয় মিনিট পর মোস্তাফা মোহাম্মদ পেনাল্টি থেকে গোল করে মিসরকে
সমতায় ফেরান। ৯০ মিনিটের খেলায় আর গোল হয়নি। অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে দ্বিতীয় হলুদ
কার্ডের খড়্গে পড়ে মোহাম্মদ হামদি মাঠ ছাড়লে পরের সময়টুকু ১০ জন নিয়ে খেলতে হয় মিসরকে।
টাইব্রেকারে নবম রাউন্ডে
মিসরের গোলকিপার গাবাস্কির শট ক্রসবারে লাগে। পরে এমপাসি ব্যবধান ৮-৭ করে কঙ্গোকে জয়
এনে দেন।
মিসরের অধিনায়ক মোহাম্মদ
সালাহ আসরের মাঝপথে পড়েন ইনজুরিতে। তার অনুপস্থিতিতে আলো ছড়াতে ব্যর্থ হলো দলটি। তারা
এবারের আসরে জয়হীন থাকল। ২০২১ আসরের ফাইনালে তারা টাইব্রেকারে হেরেছিল সেনেগালের কাছে।
রোববার রাতে শেষ ষোলোর
আরেক ম্যাচে একুটরিয়াল গিনিকে ১-০ গোলে হারিয়েছে গিনি।
আজ শেষ ষোলোয় কেপ ভার্দে
মুখোমুখি হবে মৌরিতানিয়ার, বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল খেলবে স্বাগতিক আইভরি কোস্টের
বিপক্ষে। আগামীকাল মঙ্গলবার মালির প্রতিপক্ষ বুরকিনা ফাসো, মরক্কো খেলবে দক্ষিণ আফ্রিকার
বিপক্ষে।
২ ও ৩ ফেব্রুয়ারি কোয়ার্টার
ফাইনাল, ৭ ফেব্রুয়ারি সেমিফাইনাল ও ১১ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ৩৪তম
আফ্রিকান নেশন্স কাপ ফুটবলের।










