বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে
সিরিজের বাকি দুই ম্যাচের জন্য ফাস্ট বোলার কাইল জেমিসনকে বিশ্রাম দিয়েছে
নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে টি২০ সিরিজের আগে ফিট হয়ে ওঠারও যথেষ্ট সময়
পাবেন তিনি। এদিকে, ফিন অ্যালেনকে দ্বিতীয় ওয়ানডের জন্য ছুটি দেয়া হয়েছে। সুপার
স্ম্যাশ ক্রিকেটে অকল্যান্ডের হয়ে খেলবেন তিনি।
এই দুজনের কেউই অবশ্য
অকল্যান্ডে প্রথম ওয়ানডে খেলেননি। ওই ম্যাচে ডিএলএস মেথডে ৪৪ রানের জয় পায় কিউইরা।
বুধবার ভোরে দ্বিতীয় ওয়ানডে।
আজ সোমবার এক বিবৃতিতে
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিষয়টি জানিয়েছে। গত সপ্তাহে বাংলাদেশ থেকে ফেরার পরই
জেমিসন হ্যামস্ট্রিংয়ে খানিকটা অস্বস্তি বোধ করছিলেন বলে জানায় নিউজিল্যান্ড
ক্রিকেট বোর্ড। বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ ১-১-এ ড্র করে কিউইরা।
জেমিসনের হ্যামস্ট্রিংয়ের
কথা মাথায় রেখেই তার ‘কাভার’ হিসেবে বেন সিয়ার্সকে দলভুক্ত করে নিউজিল্যান্ড।
কিউইদের কোচ গ্যারি স্টিড বলেন, ‘সামনে আমাদের অনেক ক্রিকেট রয়েছে। কাজেই আমরা এটা
নিশ্চিত হতে চাই যে, কাইল যেন অহেতুক কোনো ঝুঁকি না নেয়। স্কোয়াড ঘোষণার সময়ই আমরা
চেয়েছি যেন নতুন কিছু খেলোয়াড়কে সুযোগ করে দিতে পারি। এই জায়গাটায় বেন সিয়ার্স
দারুণভাবে মানিয়ে নেবে।’
ডানেডিনে প্রথম ওয়ানডে
ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) মেথডে ৪৪ রানে হেরেছে
বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ৩০ ওভারের ম্যাচে ৭ উইকেটে ২৩৯ রান তোলে নিউজিল্যান্ড। ৩০
ওভারে ২৪৫ রানের সংশোধিত টার্গেটে ৯ উইকেটে ২০০ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ।










