ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় আজ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল ও বিশ্বের শীর্ষ র্যাংকধারী দল বেলজিয়াম। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হতে যাওয়া এ ম্যাচের বিজয়ী দলকে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে ইতালি, যারা শনিবার রাতে রুদ্ধশ্বাস লড়াইয়ে ২-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। শেষ ষোলোর আরেক ম্যাচে ওয়েলসকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে ডেনমার্ক।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হলো ইতালিকে। প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে ওঠা অস্ট্রিয়া একটুও ছেড়ে কথা বলেনি পরাশক্তি ইতালিকে। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটে ফল নির্ধারণ হয়। সেখানেও তুমুল লড়াই হয় দুই দলের। দুই বদলি খেলোয়াড় ফেদেরিকো চিয়েসা ও ম্যাত্তেও পেসিনার গোলে জয় তুলে নিতে সমর্থ হয় আজ্জুরিরা। চিয়েসা ৯৫ মিনিটে ও পেসিনা ১০৫ মিনিটে গোল করেন।


১১৪ মিনিটের সময় একটি গোল পরিশোধ করে অস্ট্রিয়া। দুরন্ত হেডে গোলটি করেন সাসা কালাদজিক। রক্ষণে চিরাচরিতভাবে শক্তিশালী ইতালি ১২ ম্যাচের মধ্যে এই প্রথম গোল হজম করল। তবে আর কোনো বিপদ এদিন হয়নি রবার্তো মানচিনির দলের। বাকি সময়টুকু স্নায়ু ধরে রেখে বিজয়ী হিসেবে মাঠ ছাড়ে ১৯৬৮ আসরের চ্যাম্পিয়নরা।

এ পথে নতুন জাতীয় রেকর্ড গড়েছে ইতালি। ৩১ ম্যাচে অপরাজিত আজ্জুরিরা।শনিবার আমস্টারডামে গ্যারেথ বেলদের ওয়েলসকে বিধ্বস্ত করেছে ডেনিশরা। টুর্নামেন্টের শুরুর ম্যাচে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়া ক্রিস্টিয়ান এরিকসেনকে ছাড়াই খেলা ডেনমার্ক পুনরুজ্জীবিত হয়ে প্রতিটি ম্যাচেই চমক দেখাচ্ছে। এ ম্যাচে ক্যাসপার ডলবার্গ জোড়া গোল করে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন। এছাড়া জোয়াকিম মাহলে ও মার্টিন ব্র্যাথওয়েট স্কোরশিটে নাম লেখালে বড় জয় নিশ্চিত হয় ১৯৯২ আসরের চ্যাম্পিয়নদের।


আজারবাইজানের বাকুতে শেষ আটে ডেনমার্কের সামনে পড়বে নেদারল্যান্ডস কিংবা চেক রিপাবলিক। আজ রাতে মুখোমুখি হবে ডাচ ও চেকরা। ম্যাচটি শুরু হবে রাত দশটায়। 


এদিকে আগামীকাল সোমবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও দুবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ফ্রান্স শেষ ষোলোয় খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে, আর সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ও তিনবারের ইউরোপিয়ান  চ্যাম্পিয়ন স্পেন খেলবে বিশ্বকাপ রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে।