ফুটবলের
মর্যাদাপূর্ণ পুরস্কার ‘দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ড’ দেয়া হবে আজ। লন্ডনে বাংলাদেশ
সময় সোমবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে শুরু হবে এই অনুষ্ঠান।
২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত
পারফরম্যান্সকে বিবেচনায় নেয়া হবে। ২০২২ সালের ছেলেদের বিশ্বকাপের পারফরম্যান্স
এখানে হিসেবে আসছে না। যদিও মেয়েদের বিশ্বকাপ বিবেচনায় নেয়া হবে, যেটি ২০২৩ সালের
১ আগস্ট শুরু হয়ে ২০ আগস্ট শেষ হয়।
এবার
ছেলেদের ক্যাটাগরিতে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন সর্বশেষ ব্যালন ডি’অর জয়ী
ইন্টার মিয়ামির আর্জেন্টাইন ফরওয়ার্ড লিওনেল মেসি, ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান
ফরওয়ার্ড আর্লিং হালান্ড ও পিএসজির ফরাসি ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
এই তিনজনের
মধ্যে ফেভারিট হালান্ড। সিটির হয়ে প্রিমিয়ার লিগ, এফএ কাপ জয়ের পর প্রথমবারের মতো
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে গৌরবের ট্রেবল পূর্ণ করেন তিনি। এছাড়া উয়েফা
সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ শিরোপাও জিতেছে তার দল। যে সময়টি পুরস্কারের জন্য
বিবেচনা করা হচ্ছে সেই সময়ে তিনি ৩৩ ম্যাচে ২৮ গোল করেছেন। হয়তো আজ রাতে তার হাতেই
উঠছে ফিফার পুরস্কারটি।
বিবিসির
অনলাইন ভোটিংয়ে আজ বিকাল ৪টা পর্যন্ত ৭৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন হালান্ড।
এছাড়া মেসি ২০ শতাংশ ও এমবাপ্পে ৭ শতাংশ ভোট পেয়েছেন।
মেয়েদের
ক্যাটাগরিতে পুরস্কারের জন্য লড়বেন স্পেনের মিডফিল্ডার আইতানা বোনমাতি, তার
বার্সেলোনা ও স্পেন সতীর্থ মিডফিল্ডার জেনিফার হারমোসো এবং রিয়াল মাদ্রিদের ১৮ বছর
বয়সী কলম্বিয়ান ফরওয়ার্ড লিন্ডা কাইসেডো। এরই মধ্যে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের
গোল্ডেন বল ও পরে ব্যালন ডি’অরজয়ী বোনমাতি এবার ফিফার বর্ষসেরার রেসেও ফেভারিট। বিবিসির
অনলাইন ভোটিংয়ে বোনমাতি ৭০ শতাংশ, হারমোসো ২০ শতাংশ ও কাইসেডো ১০ শতাংশ ভোট
পেয়েছেন।
সেরা
পুরুষ ও নারী খেলোয়াড়ের বাইরেও লন্ডনের এই অনুষ্ঠানে দেয়া হবে সেরা পুরুষ ও নারী
গোলকিপার, সেরা পুরুষ ও নারী কোচ, সেরা গোলের দ্য পুসকাস অ্যাওয়ার্ড, ফিফা ফেয়ার
প্লে অ্যাওয়ার্ড ও ফিফা ফ্যান অ্যাওয়ার্ড।
কোচদের
সংক্ষিপ্ত তালিকায় আছেন ম্যানসিটিকে গত মৌসুমে পাঁচটি শিরোপা জেতানো কোচ পেপ
গার্দিওলা, ইন্টার মিলানের সিমোন ইনজাগি ও নাপোলির লুসিয়ানো স্পালেত্তি। সেরা নারী
কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন বার্সেলোনার জোনাতান গিরালদেজ, চেলসির এমা হায়েস ও
ইংল্যান্ডের সারিনা উইগম্যান।
সেরা
গোলকিপারের পুরস্কারের রেসে আছেন সেভিয়া থেকে সৌদি আরবের আল হিলালে নাম লেখানো
মরক্কোর ইয়াসিন বোনো, রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলকিপার থিবো কোর্তোয়া ও
ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসন।
নারী ক্যাটাগরিতে আছেন ওয়েস্ট হ্যামের
অস্ট্রেলিয়ান গোলকিপার ম্যাকেঞ্জি আর্নল্ড, বার্সেলোনার স্প্যানিশ গোলকিপার কাতা
কল ও ম্যানইউর ইংলিশ গোলকিপার ম্যারি আর্পস।










