ভারতীয় ক্রিকেট
দলকে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচে হারানোর কৃতিত্ব দেখাল বাংলাদেশ নারী দল। আজ
রোববার (১৬ জুলাই) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৪৩ ওভারে ১৫২ রান
তুলে শেষ হয় বাংলাদেশের ইনিংস। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৪ ওভারে ১৫৪ রানের সংশোধিত
টার্গেট পায় অতিথিরা। জবাব দিতে নেমে ১১৩ রানে গুটিয়ে যায় হারমানপ্রিত কাউরের দল।
৬ বারের
চেষ্টায় এই প্রথম স্মৃতি মন্ধানা, হারমানপ্রিতদের হারাল
টাইগ্রেসরা। আগের ৫ ম্যাচের সবগুলোতে ছিল হারের লজ্জা। এ জয়ে তিন ম্যাচ সিরিজে
১-০তে এগিয়ে গেল নিগার সুলতানার দল।
বোলিংয়ে নেমে
২৩ বছর বয়সী মিডিয়াম পেসার আমানজত কাউর অভিষেক ম্যাচে চার উইকেট নিয়ে বাংলাদেশকে
অল্প রানে আটকে দিতে বড় ভূমিকা রাখেন। নিগার সুলতানা ৬৪ বল টিকে থেকে ৩৯ রান করলেও
অন্য প্রান্ত থেকে তেমন সহযোগিতা পাননি, ফলে দলের সংগ্রহও বড়
হয়নি।
এছাড়া ফারজানা
হক ৪৫ বলে ২৭, সুলতানা খাতুন ২০ বলে ১৬ ও ফাহিমা খাতুন ২৯ বলে ১২
রান করেন। অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় স্বর্ণা আক্তার রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ
ছাড়েন। কাউর ৩১ রানে ৪টি ও দেবিকা বৈদ্য ৩৬ রানে ২টি উইকেট নেন। এরপর বাংলাদেশের
বোলাররা অনবদ্য বোলিং করে শক্তিশালী ভারতকে পরাস্ত করেন।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও টি২০ বিশ্বকাপে আলো ছড়ানো ১৮ বছর বয়সী পেস বোলার মারুফা আক্তার টি২০ সিরিজে অনুজ্জ্বল থাকলেও আজ ম্যাচের নায়ক। ২৯ রানে ৪টি উইকেট নেন তিনি। এছাড়া ১৮ বছর বয়সী লেগস্পিনার রাবেয়া খানের শিকার ৪টি উইকেট। নাহিদা আক্তার ও সুলতানা খাতুন নেন একটি করে উইকেট।
২০২৫ সালে
অনুষ্ঠেয় আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট পাওয়ার লড়াইটা শুরু
হয়েছে আগেই। ১০ দলের আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে প্রতিটি দল খেলবে ৪টি হোম ও
৪টি অ্যাওয়ে সিরিজ। বাংলাদেশ এরই মধ্যে খেলেছে ২টি অ্যাওয়ে সিরিজ। নিউজিল্যান্ড ও
শ্রীলংকা সফর থেকে বাংলাদেশ দলের অর্জন ৬ পয়েন্ট। বাংলাদেশের প্রথম হোম সিরিজ আজই
শুরু হলো।
এর আগে
ওয়ানডেতে ভারত নারী দলের বিপক্ষে জয়হীন ছিল বাংলাদেশ। আগে খেলা ৫ ম্যাচের সব
কটিতেই হেরেছে বাংলাদেশ। দুই দলের একমাত্র ওয়ানডে সিরিজে বাংলাদেশ হয়েছে হোয়াইট
ওয়াশ।
আইসিসি উইমেন্স
চ্যাম্পিয়নশিপে ৬ ম্যাচের সবগুলো জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার
উপরে থাকা ভারতকে হারিয়ে দারুণ চমকই দেখাল বাংলাদেশ। ভারতের বিপক্ষে যে ৫টি ওয়ানডে ম্যাচে হেরেছে
বাংলাদেশের, তার সবগুলোই মেয়েরা খেলেছে দেশের বাইরে। তিনটি
ভারতের আহমেদাবাদে। অন্য দুটি শ্রীলংকার কলম্বো ও নিউজিল্যান্ডের হ্যামিল্টনে। দেশের
মাটিতে এই প্রথম ভারতের বিপক্ষে ওয়ানডে খেলল বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচেই এলো
জয়।










