অস্ট্রেলিয়াকে প্রথমবারের
মতো টেস্ট ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা। মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে
আজ রোববার চতুর্থ ও শেষদিন ৭৫ রানের লক্ষ্য পায় ভারতীয়রা। স্বাগতিকরা দুই উইকেট হারিয়ে
লক্ষ্য ছুঁয়ে ফেলে।
৪৬ বছর অপেক্ষার পর অস্ট্রেলিয়াকে
টেস্টে হারাল ভারত। ১৯৭৭ সালে দুই দলের টেস্ট দ্বৈরথ শুরু। সেই থেকে পাঁচটি টেস্ট সিরিজে
মুখোমুখি হয় তারা। অস্ট্রেলিয়া তিনটি সিরিজ জিতে নেয়, বাকি দুটি ড্র হয়। ম্যাচের হিসেবে,
১০ টেস্ট খেলে অজিরা জিতেছিল চারটি। এবার একমাত্র টেস্টের সিরিজ জিতল স্বাগতিক ভারত।
অজিদের বিপক্ষে এটাই তাদের প্রথম জয়। সম্প্রতি একই মাঠে ইংল্যান্ডকেও একমাত্র টেস্টে
হারায় ভারত।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে
করা ২১৯ রানের জবাবে ভারত ৪০৯ রান তুলে নেয় ভারত। দীপ্তি শর্মা (৭৮)ও পুজা বস্ত্রকর
(৪৭) অষ্টম উইকেট জুটিতে রেকর্ড গড়ে ভারতের সংগ্রহ বড় করেন। তাদের ১২২ রানই এখন দেশের
হয়ে এই জুটিতে সেরা। আর সব মিলে নারী টেস্টে দ্বিতীয় সেরা। অস্ট্রেলিয়ার গ্রিফিথ ও
উইলসনের ১৮১ রানের চেয়ে পিছিয়ে থাকলেও তারা আজ টপকে যান ভারতের কুলকার্নি ও মিনোতি
দেশাইয়ের ১০৬ রানের রেকর্ড।
এর আগে স্মৃতি মন্ধানা
৭৪, জেমিমা রদ্রিগেজ ৭৩ ও রিচা ঘোষ ৫২ রান করেন। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৬১
রানে অলআউট করে দেয় ভারতীয় নারীরা। তালিয়া ম্যাকগ্রা করেন সর্বোচ্চ ৭৩ রান। ভারতের
স্নেহ রানা চারটি ও রাজেশ্বরী গায়কোয়াড় দুটি উইকেট নেন। এরপর স্মৃতির ব্যাটে (৬১ বলে
৩৮) ভর করে জয় তুলে নেয় ভারত। ৪০ টেস্টে এটা ভারতের সপ্তম জয়।
দুই ইনিংস মিলে মোট সাত
উইকেট নেয়া স্নেহ রানা হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।










