মঙ্গলবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। এই টেস্টে ভারতের উইকেট কিপিংয়ের দায়িত্ব পাচ্ছেন লোকেশ রাহুল, যিনি ওয়ানডে ও টি২০ দলের উইকেটকিপার।

 

ক্যারিয়ারের শুরুর দিকে তিন ফরম্যাটের কোনোটিতেই ভারতের শীর্ষ বাছাই উইকেটকিপার ছিলেন না রাহুল। তবে ধীরে ধীরে নিজেকে কাজটির যোগ্য করে তুলেছেন। তিনি এখন ওয়ানডে ও টি২০ দলের নাম্বার উইকেটকিপার। টিম ম্যানেজমেন্ট এখন তাকে টেস্টেও নিয়মিত গ্লাভস হাতে দেখতে চায়। যদিও এ নিয়ে ভিন্ন মতও আছে। ভারতের সাবেক উইকেটকিপার পার্থিব প্যাটেল এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। তিনি মনে করেন, রঞ্জি ট্রফিতে নিয়মিত উইকেট কিপিং করে থাকেন, এমন কাউকেই টেস্টের দায়িত্ব দেয়া উচিত।

 

গত রোববার ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দেন, সেঞ্চুরিয়ন টেস্টে লোকেশ রাহুলই উইকেট সামলাবেন। তিনি বলেন, ‘আমি মনে করি, এটা তার জন্য রোমাঞ্চকর এক চ্যালেঞ্জ, ভিন্ন কিছু করার একটি সুযোগও। ইশান কিশান না থাকায় তার জন্য এটি সুযোগ এসেছে। আমাদের কয়েকজন কিপারের মধ্য থেকে বেছে নেয়ার সুযোগ রয়েছে এবং রাহুল তাদের একজন।’

 

তিনি আরো বলেন, ‘আমরা জানি, টেস্টে সে নিয়মিত কিপিং করে না। কিন্তু ৫০ ওভারের ক্রিকেটে নিয়মিত কাজটি করে থাকে। গত পাঁচ-ছয় মাস ধরে সে এই কাজটির জন্য নিজেকে দারুণভাবে তৈরি করেছে।’

 

দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট খেলবে ভারত। বক্সিং ডে টেস্টের পর ৩ জানুয়ারি কেপ টাউনে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।    

 

এর আগে তিন ম্যাচের টি২০ সিরিজ ড্র হয়, আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১-এ জিতে নেয় ভারত।