ইন্ডিয়ান
উইমেনস লিগের সপ্তম আসরে আগামীকাল মঙ্গলবার স্পোর্টস ওড়িশার মুখোমুখি হবে ইস্ট
বেঙ্গল। এই ম্যাচে চোখ থাকবে বাংলোদেশের ফুটবল ভক্তদেরও। এই ম্যাচে যে খেলবেন
বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা সানজিদা খাতুন। তিনি মাঠ মাতাবেন ইঙ্গ বেঙ্গলের
হয়ে।
সাবিনা
খাতুন ও কৃষ্ণা রানী সরকারের পর বাংলাদেশের তৃতীয় নারী ফুটবলার হিসেবে বিদেশে লিগে
অভিষেক ঘটতে যাচ্ছে ২২ বছর বয়সী সানজিদার।
ময়মনসিংহের
প্রত্যন্ত কলসিন্দুর থেকে উঠে আসা সানজিদাকে ঘিরে দুই বাংলায় প্রচণ্ড কৌতুহল তৈরি
হয়েছে। ঐতিহ্যবহুল এই ক্লাবটির প্রত্যাশা তিনি কতটা পূরণ করতে পারেন, এখন সেটাই
দেখার বিষয়।
আজ
নিজের ফেসবুক পেজে এক পোস্টে সানজিদা লিখেছেন, ‘শেখ মোহাম্মদ আসলাম, প্রয়াত মুনেম
মুন্না, গোলাম মোহাম্মদ গাউস, রিজভী করিম রুমি। বাংলাদেশ ফুটবলের আর্কাইভে কি ভারি
নাম! শত বছরের ঐতিহ্যবাহী ক্লাব প্রাঙ্গণে আজ দেখলাম আমার দেশের সেই সকল হিরোদের
ছবি। অগ্রজদের সম্মান ও ইস্ট বেঙ্গলের আস্থার প্রতিদান দেয়ার সর্বোচ্চ চেষ্টা
থাকবে।’
গত
২৫ জানুয়ারি কলকাতা পৌঁছেন সানজিদা। এয়ারপোর্টে তাকে স্বাগত জানান ইস্ট বেঙ্গলের
কর্মকর্তারা। ক্লাবটির এক্স (সাবেক টুইটার) একাউন্টের পোস্টে লেখা হয়েছে, ‘আমাগো
বাসায় স্বাগতম, সানজিদা!’
১৯৭১
সালের পর বাংলাদেশের অষ্টম ও প্রথম নারী হিসেবে ইস্ট বেঙ্গলে খেলবেন সানজিদা। কলকাতায়
পা রাখার আগেই তিনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছেন বাংলাদেশের
তারকা ফুটবলার শেখ আসলাম, মোনেম মুন্না, রুমি, গাউসরা। ১৯৯১ সালে মুন্নারা চ্যাম্পিয়ন
করেছিলেন ইস্ট বেঙ্গলকে। সানজিদাও দেশের সুনাম বয়ে আনতে চান। তিনি বলছিলেন, ‘আসলাম
ভাই, মুন্না ভাইয়েরা সাফল্য নিয়ে এসেছেন। বাংলাদেশ থেকে গিয়ে চ্যাম্পিয়ন করিয়েছেন।
আমি নারী দলের মধ্যে প্রথম ডাক পেয়েছি। আমার অভিষেক হচ্ছে। আমিও সেরাটা দিয়ে
সাফল্য নিয়ে আসার চেষ্টা করব।’
পাশাপাশি
এটাও বলেছেন, ‘আমার দল আছে ৫-৬ নম্বরে, জাতীয় দলেরও কেউ নেই। একা মেসি কতটা করতে
পারে। তারপরও নিজের ১০০-১২০ ভাগ দেয়ার চেষ্টা করব আমি।’
বাংলাদেশ
নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন খেলেন বেঙ্গালুরুর কিকস্টার্ট এফসির হয়ে। আগামী ৫
ফেব্রুয়ারি কলকাতায় সাবিনার দলের মুখোমুখি হবে সানজিদার ইস্ট বেঙ্গল। সাবিনাকে
নিয়ে সানজিদা বলেছেন, ‘আপুর সাথে প্রায়ই কথা হয়। ওনার পরামর্শ নিয়েছি আমি। ৫ ফেব্রুয়ারি
ওনাদের ক্লাবের সঙ্গে আমাদের ম্যাচ আছে।’
৭
দলের এই লিগে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ওড়িশা। ইস্ট বেঙ্গল ৩ পয়েন্ট নিয়ে
টেবিলের ৬ নম্বরে। সাবিনার দল ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে।










