ব্রিসবেন টেস্টে রোমাঞ্চকর এক দিন কাটল। ১ উইকেটে ১৩ রান নিয়ে আজ শনিবার তৃতীয় দিন মাঠে নামা ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ ১৯৩ রানে। নিজেদের প্রথম ইনিংসে বিপর্যয় কাটিয়ে ২৮৯ রানে ইনিংস ঘোষণা করা অস্ট্রেলিয়া বোলিংয়েও আলো ছড়ায়। ফলে অতিথি দলটি দুশ’র আগেই অলআউট হয়ে যায়। তাতে অজিদের সামনে ২১৬ রানের লক্ষ্য দাঁড়িয়েছে। এই রান তাড়া করতে নেমে ২ উইকেটে ৬০ রান করে তৃতীয় দিন মাঠ ছাড়ে স্বাগতিকরা। ৮ উইকেট হাতে নিয়ে এখনো ১৫৬ রান করতে হবে তাদের।

 

জস হ্যাজেলউড (৩/২৩) ও নাথান লায়নের (৩/৪২) দুর্দান্ত বোলিংয়ে মুখে ক্যারিয়ানরা কেউই ফিফটি করতে পারেননি। যদিও দিনের প্রথম দুই সেশনে দারুণ ব্যাটিং করে অতিথি দলটি। ১৮৩/৬ স্কোর নিয়ে চা বিরতিতে যায় তারা। এরপর ১০ রানে নেই বাকি ৪ উইকেট! সর্বোচ্চ ৪১ রান করেন কার্ক ম্যাকেঞ্জি। এছাড়া অলিক আথানাজ ৩৫ ও জাস্টিন গ্রিভস ৩৫ ও কাভেম হজ ২৯ রান করেন।

 

তবে অস্ট্রেলিয়ার কাজটা মোটেও সহজ হবে না। রান তাড়া করতে নেমে ষষ্ঠ ওভারে উসমান খাজাকে হারায় অজিরা। খাজা প্রথম ইনিংসে সর্বোচ্চ ৭৫ রান করেন। ১১তম ওভারে মিডল অর্ডারের ভরসা মার্নুস লাবুশেনকেও হারায় তারা (৪২/২)। স্টিভেন স্মিথ ৩৩ ও ক্যামেরন গ্রিন ৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

 

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ৩১১ ও ১৯৩। অস্ট্রেলিয়া: ২৮৯/৯ ডি. ও ৬০/২ (স্মিথ ৩৩*, গ্রিন ৯*; আলজারি ১/১৯, গ্রিভস ১/২৩)।