এমার্জিং এশিয়া কাপে প্রথম শিরোপা থেকে হাতছোঁয়া দূরে ছিল বাংলাদেশ। যদিও তীরে গিয়ে তরী ডুবল আকবর আলীর দলের।

কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের সেমিফাইনালে রুদ্ধশ্বাস নাটকীয়তার পর সুপার ওভারে ভারতকে হারায় বাংলাদেশ। গতকাল রাতের ফাইনালেও সুপার ওভারের মুখোমুখি হয় আকবরের দল। এবার অবশ্য পারল না বাংলাদেশ। সুপার ওভারে জিতে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান শাহিনস (এ দল)।

আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান শাহিনস। সেমিফাইনালে সুপার ওভারে জয়ের নায়ক পেস বোলার রিপন মন্ডল গতকাল ২৫ রানে ৩ উইকেট নেন। স্পিনার রাকিবুল হাসান নেন ১৬ রানে ২ উইকেট। জবাব দিতে নেমে বাংলাদেশ ৯৬ রানে ৯ উইকেট হারালেও আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মন্ডল দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। ১৯তম ওভারে ২০ রান নেয়ার পর শেষ ওভারে প্রয়োজন পড়ে ৭ রান, যদিও আহমেদ দানিয়েলের করা ওভার থেকে বাংলাদেশ নিতে পেরেছে ৬ রান। একটি পর্যায়ে প্রয়োজন ছিল ৪ বলে ৪ রান। যদিও ৩ রান নিতে পেরেছে লাল-সবুজরা। ফলে ম্যাচ ‘টাই’ হয়ে যায়।

সেমিফাইনালের পর আবারো সুপার ওভারের অগ্নিপরীক্ষা আকবরদের। সুপার ওভারেও বল হাতে নেন দানিয়েল। তিনি প্রথম বলে ১ রান দিলেও পরের বলে সাকলাইনকে সাজঘরে ফেরান তিনি। তৃতীয় বলটি ওয়াইড হলে ৫ রান পায় বাংলাদেশ। তৃতীয় বলে তিনি বোল্ড করেন জিসান আলমকে। পাকিস্তান পায় ৭ রানের সহজ টার্গেট। রিপনের ৪ বল থেকেই প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান।

এসিসি এমার্জিং এশিয়া কাপে এটা পাকিস্তানের তৃতীয় শিরোপা। এছাড়া শ্রীলংকা দুবার এবং ভারত ও আফগানিস্তান একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৯ সালে ঘরের মাঠে ফাইনালে এই পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। আরেকবার রানার্সআপ ট্রফি পেল লাল-সবুজরা।