অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ সোমবার
গুরুত্বপূর্ণ ম্যাচে আয়ারল্যান্ডের ছুড়ে দেয়া ২৩৬ রানের টার্গেটে দাপটে জয় তুলে
নিল বাংলাদেশ। ১৩০ রানে ৪ উইকেট পতনের পর আহরার আমিন ও মোহাম্মদ শিহাব জেমস ১১৬
বলে ১০৯ রানের অবিশ্বাস্য এক জুটিতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।
জেমস ৫৪ বলে ৫৫ ও আহরার ৬৩ বলে ৪৫ রানে
অপরাজিত থেকে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। এর আগে আশিকুর রহমান শিবলি ৬০ বলে ৪৪,
আদিল বিন সিদ্দিক ৬৩ বলে ৩৬ রান করেন।
ব্লোয়েমফন্টেইনে আজ টস জিতে ফিল্ডিং বেছে নেয়
বাংলাদেশ। বাংলাদেশের বোলররা ১০০ রানের আগেই প্রতিপক্ষের চার উইকেট তুলে নিলেও পরে
কিয়ান হিলটনের দুর্দান্ত এক নকে লড়াইয়ের পুঁজি পায় আইরিশ যুবারা। তিনি ১১৩ বলে
১১টি চার ও এক ছক্কায় ৯০ রানের ইনিংস খেলেন। এছাড়া জর্ডান নিল ৩১, স্কট ম্যাকবেথ
২৭ ও জন ম্যাকনেলি ২৩ রান করেন।
বাংলাদেশের মারুফ মৃধা ও শেখ জীবন দুটি করে
উইকেট নেন।
এই মাঠেই নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী
ভারতের কাছে ৮৪ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এবার আইরিশদের হারিয়ে ঘুরে
দাঁড়াল যুবারা।
‘এ’ গ্রুপে খেলছে ভারত, বাংলাদেশ,
আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। চার গ্রুপে ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতি
গ্রুপ থেকে তিনটি করে দল উঠবে সুপার সিক্স পর্বে।
বাংলাদেশ ২০২০ সালে প্রথমবারের মতো বিশ্ব
চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সদ্যই এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। এবার বড় আশা
নিয়ে বিশ্বকাপ খেলতে যায় মাহফুজুর রহমান রাব্বীর দল।
আগামী শুক্রবার একই মাঠে
যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ দল।










