ইতালির উডিনে ব্লুনার্জি স্টেডিয়ামে
ফুটবল ম্যাচ চলাকালে দর্শক সারি থেকে বর্ণবাদী স্লোগান দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার
প্রতিবাদে দল নিয়ে মাঠ ছাড়েন এসি মিলানের ফরাসি গোলরক্ষক মাইক ম্যাগানান। খবর সিএনএন।
গতকাল শনিবার (২০ জানুয়ারি) উদিনিসের
বিপক্ষে ফুটবল ম্যাচের ৩৩ মিনিট সময়ে এ ঘটনা ঘটে।
ম্যাচের পর স্কাই স্পোর্টসের সঙ্গে
কথা বলার সময় ২৮ বছর বয়সী কৃষ্ণাঙ্গ তারকা ম্যাগনান জানান, প্রথমবার বল কিক করার মুহূর্তে
শুনতে পান দর্শকসারি থেকে"‘বানরের ডাক’ ও ব্যাঙ্গাত্মক শব্দ আসছে। দ্বিতীয় কিকের
সময়ও একই ঘটনা ঘটে।
তিনি আরো বলেন, ‘এরা অজ্ঞ মানুষ। তবে
সর্বোচ্চ শিস দেয়া পর্যন্ত মেনে নেয়া যায়। কিন্তু আজ যা ঘটেছে, তার স্থান ফুটবলে নেই।’
প্রায় ১০ মিনিট বন্ধ থাকার পর আবার খেলা শুরু হলে উদিনিসকে ৩-২ গোলে হারায় মিলান।
ম্যাচের পর এসি মিলান মাইক্রো ব্লগিং
সাইট এক্সে ম্যাগনানকে সমর্থন করে লেখে, ‘আমাদের খেলায় বর্ণবাদের জন্য একেবারেই কোনো
স্থান নেই, আমরা আতঙ্কিত। আমরা তোমার সঙ্গে আছি মাইক।’
রেফারির ম্যাচ রিপোর্ট পর্যালোচনা করে
ইতালীয় ফুটবল কর্তৃপক্ষ উডিনেসের বিরুদ্ধে শাস্তির ঘোষণা আসতে পারে বলে প্রতিবেদনে
জানানো হয়। গত সপ্তাহে সেরি আ লিগে এ ধরনের ঘটনায় শাস্তি পায় এস এস লাজিও।










