‘ফিফা আন্তর্জাতিক উইমেন্স সিরিজ-২০২৩’ (টায়ার-১) এর প্রথম
ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে নেপালের সঙ্গে ড্র করেছে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল
স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬৫ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন
অধিনায়ক সাবিনা খাতুন। ৫৯ মিনিটে সানজিদার বদলি হিসেবে শাহেদা আক্তার রিপাকে মাঠে নামানো
হয়। বয়সভিত্তিক দলের হয়ে আলো ছড়ানো ১৭ বছর বয়সী এই খেলোয়াড়ের পাসেই গোল করেন
সাবিনা। যদিও যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করে সমতা আনেন নেপালের অভিজ্ঞ
খেলোয়াড় সাবিত্রা ভান্ডারি।
গত বছর সেপ্টেম্বরে
কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ
শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই ম্যাচের পর ফের মুখোমুখি হলো দুই দল।
যদিও ভালো প্রস্তুতি নিয়ে মাঠে নামে নেপাল। গত বছরের সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালের
পর তারা খেলেছে চারটি ম্যাচ। অন্যদিকে বাংলাদেশ একটিও খেলেনি।
সাফ জয়ের পর প্রায় ১০ মাস
বিরতি দিয়ে এই প্রথম আন্তর্জাতিক
ম্যাচ খেলতে নামবেন সাবিনা-কৃষ্ণারা। তাদের খেলায়ও আগের সেই ছন্দ দেখা গেল কমই।
মাঝে হেড কোচের
দায়িত্ব ছেড়েছেন গোলাম রব্বানী ছোটন, যার হাত ধরে সাফসহ অসংখ্য সাফল্য পেয়েছে নারী
দল। এখন কোচের দায়িত্ব পালন করছেন
তারই সহকারী মাহাবুবুর রহমান লিট।
দলেও এসেছে বড় পরিবর্তন। সাজেদা খাতুন, আনুচিং মোগিনি, আঁখি খাতুন ও সিরাত জাহান স্বপ্না
অবসর নিয়েছেন। বর্তমান দলে নতুন মুখ এসেছেন আফিদা খন্দকার, সুমাইয়া মাতসুশিমা, শাহেদা
আক্তার রিপা, আকলিমা খাতুন, সুরমা জান্নাত ও স্বর্ণা রানী মন্ডল।
আগামী রোববার দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে
বাংলাদেশ ও নেপালের মেয়েরা।










