কলম্বোয় একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে উন্নতি করে ২৯৬ রান তুলতে সমর্থ হয় আফগানিস্তান। এরপরও সফরকারী দলটি হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। কারণ তাদের সামনে ছিল মাত্র ৫৬ রানের টার্গেট, যা তারা ৭.২ ওভারে বিনা উইকেটে তুলে নেয়!

 

প্রথম ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে যায় আফগানরা। এরপর শ্রীলংকা ৪৩৯ রানের সৌধ গড়ে। সেঞ্চুরি করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ  (১৪১) ও দিনেশ চান্দিমাল (১০৭)। এরপর দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সূচনা করেন আফগানরা। নূর আলী জাদরানকে নিয়ে ওপেনিং জুটিতে ১০৬ রান তোলেন ইব্রাহিম জাদরান। দ্বিতীয় উইকেট জুটিতে রহমত শাহকে নিয়ে তিনি বোর্ডে তুলেছেন আরো ১০৮ রান।

 

এরপর আকস্মিক পতন। ১ উইকেটে ১৯৯ রান নিয়ে আজ চতুর্থ দিন শুরু করা আফগানরা স্বাগতিক দলের বামহাতি স্পিনার প্রবথ জয়সুরিয়ার ঘূর্ণির সামনে এলেমেলো হয়ে ২৯৬ রানে গুটিয়ে যায়। ৩৭.৩ ওভার স্থায়ী হয় চতুর্থ দিনের লড়াই। অর্থ্যাৎ ৯৭ রান তুলতেই বাকি ৯ উইকেট হারায় আফগানরা। জয়সুরিয়া ৪৭ ওভারে ১০৭ রানের খরচায় তুলে নেন ৫ উইকেট। এছাড়া আসিফা ফার্নান্দো ৩টি ও কাসুন রাজিথা ২টি উইকেট নেন।

 

আফগানিস্তানের পক্ষে ইব্রাহিম জাদরান ১১৪, রহমত শাহ ৫৪, নূর আলী জাদরান ৪৭ ও নাসির জামাল ৪১ রান করেন। ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা প্রবথ জয়সুরিয়া।


একমাত্র টেস্টের পর দুই দল এবার তিনটি করে ওয়ানডে ও টি২০ খেলবে। শুক্রবার পাল্লেকেলেতে শুরু হবে ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচই পাল্লেকেলেতে। ১৭ ফেব্রুয়ারি শুরু হবে টি২০ সিরিজ। তিনটি ম্যাচই ডাম্বুলায়।