রাওয়ালপিন্ডিতে পাকিস্তান জাতীয় দলের সঙ্গে সিরিজের প্রথম টেস্ট খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই টেস্টের এই সিরিজের কথা মাথায় রেখে প্রায় একই সময় বাংলাদেশ ‘এ’ দলকে পাকিস্তান সফরে পাঠায় বিসিবি। এই পরিকল্পনা দারুণ সফলই। সফরে দুটি চারদিনের ম্যাচেই ড্র করার কৃতিত্ব দেখায় এনামুল হক বিজয়ের দল। সর্বশেষ শুক্রবার শেষ হওয়া দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি ড্র হওয়ার আগে কর্তৃত্ব করে বাংলাদেশ। দুটি ম্যাচই ড্র হওয়ায় সিরিজের ট্রফি ভাগাভাগি করেছে দুই দল। 

ইসলামাবাদে দ্বিতীয় ম্যাচের প্রথম দুইদিন বৃষ্টিতে ধুয়ে যায়। বৃহস্পতিবার তৃতীয় দিন সাইফ হাসান ও জাকের আলী অনিকের সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩৪৬ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল। শুক্রবার শেষ দিন ৯ উইকেটে ৪০৪ রান তুলে ইনিংস ঘোষণা করে অতিথিরা। অনিক ১৭২ রানে অপরাজিত থাকেন। এর আগে সাইফ করেন ১১১ রান। স্পিনার আবরার আহমেদ ১০৩ রানে ৪ উইকেট শিকার করেন। 

এরপর দিনের বাকি ৬৫ ওভার খেলে ৪ উইকেটে ২৮১ রান তোলে পাকিস্তান ‘এ’ দল। আলী জারিয়াব ১১৭ রান করেন। এছাড়া শারুন সিরাজ ৫৩ রানে ও কাসিম আকরাম ৩৬ রানে অপরাজিত থাকেন।  

আগামীকাল শুরু হবে দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর বুধ ও শুক্রবার যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে ইসলামাবাদে।   

উল্লেখ্য, ‘এ’ দলের হয়ে প্রথম ম্যাচ খেলার অভিজ্ঞতা কাজে লাগালেন মুশফিক। তিনি গতকাল রাওয়ালপিন্ডি টেস্টে অসাধারণ এক ইনিংস খেলেছেন।