সিডনিতে আজ সোমবার সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৩ রান তাড়া করে জিতল ওয়েস্ট ইন্ডিজ। হেইলি ম্যাথিউজ ৬৪ বলে ১৩২ রানের বিস্ফোরক ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছেন।

 

এটা টি২০ ক্রিকেটেরই সফলতম চেজ। ২০১৮ সালে মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ভারতের ছুড়ে দেয়া ১৯৯ রানের টার্গেট সফলভাবে ছুঁয়ে ইতহাস গড়ে ইংল্যান্ড। ড্যানি উইয়াট ৬৪ বলে ১২৪ রান করেছিলেন। আজ ম্যাথিউজের কল্যাণের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।

 

এর আগে এলিস পেরি (৪৬ বলে ৭০), ফোয়েবি লিচফিল্ড (১৯ বলে ৫২*) ও জর্জিয়া ওয়ারহ্যামের (১৩ বলে ৩২*) ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ২১২ রান তোলে অস্ট্রেলিয়া। স্পিন বলে ম্যাথিউজ ৩৬ রানে তিন উইকেট নেন।

এরপর ২১৩ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১১ রানে এক উইকেটের পতন ঘটে ওয়েস্ট ইন্ডিজের। সেখান থেকেও জেতার স্বপ্ন দেখা যায়! অনেকটা অসম্ভবকে সম্ভবই করেছেন ম্যাথিউজ ও স্টেফানি টেইলর। দুজন ৮৮ বলে ১৭৪ রানের বিশাল এক জুটি গড়ে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন।


 

টেইলর ৪১ বলে ৫৯ রান করে আউট হয়ে যান। তখন দলের সংগ্রহ ১৮৫/২। টার্গেটটা তখনো সফরকারীদের জন্য কঠিনই। ১৮ বলে ক্যারিবিয়ানদের প্রয়োজন ২৮ রান। শক্ত একটি ওভারে এক উইকেট পতনের পর শেষ ১২ বলে তাদের প্রয়োজন পড়ে ২৫ রান। জেস জেনাসেনের করা ১৯তম ওভারে টানা চার বাউন্ডারি মেরে চাপ কমান ম্যাথিউজ। পঞ্চম বলে বোল্ড হয়ে যান তিনি। এর মধ্য দিয়ে ৬৪ বলে ১৩২ রানের বীরোচিত ইনিংসেরও সমাপ্তি ঘটে।

 

আউট হলেও টি২০ ইতিহাসের অন্যতম সেরা ইনিংস উপহার দেয়ায় দর্শক দাঁড়িয়ে অভিবাদন জানায় তাকে। ২০টি বাউন্ডারি ও পাঁচ ছক্কায় কাব্যিক ইনিংসটি সাজান ২৫ বছর বয়সী ম্যাথিউজ।

  

জীবনের সেরা ফর্মে আছেন ম্যাথিউজ। এ নিয়ে টানা সাত ম্যাচে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার জিতলেন তিনি। এ সময় তিনি ৯০.৪০ গড়ে ৪৫২ রান তুলেছেন ১৩৮.২২ স্ট্রাইক রেটে। করেছেন এক সেঞ্চুরি ও তিন ফিফটি। উল্লেখ্য, এই সাত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বাকি ব্যাটাররা মিলে করেছেন ৪৩৯ রান। এখানেই শেষ নয়। তিনি এ সময় ১০.৬০ গড়ে ১৫ উইকেট নিয়েছেন, সঙ্গে ক্যাচও নিয়েছেন চারটি।

 

বৃহস্পতিবার ব্রিসবেনে সিরিজের তৃতীয় ও শেষ টি২০। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুটি দল।