এবারের সাফ চ্যাম্পিয়নশিপ মিশন শেষ হয়ে গেছে বাংলাদেশের। অতিথি দল কুয়েতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে অতিরিক্ত সময়ের গোলে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। টুর্নামেন্ট শেষ করে গতকাল দেশেও ফিরেছেন জামাল ভূঁইয়ারা। তবে আসরে শিরোপার নিষ্পত্তি এখনো ঘটেনি। শিরোপা রেখে দেবে স্বাগতিক ভারত, কিংবা জিতে নেবে কুয়েত। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় বেঙ্গালুরুর শ্রী কান্তিরভা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও কুয়েত।
বাংলাদেশের মতোই স্বাগতিক ভারতও স্নায়ুক্ষয়ী লড়াই শেষে সেমিফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে আরেক অতিথি দল লেবাননকে।
সাফের রাজা ভারত। আগের ১৩ আসরের মধ্যে আটবারই শিরোপা জিতেছে দেশটি। ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫ ও ২০২১ সালে শিরোপা জিতেছে ভারত। বর্তমান চ্যাম্পিয়নও তারা। আজ নবম শিরোপার লক্ষ্যে খেলতে নামছে দক্ষিণ এশিয়ার পরাশক্তিরা।
ফাইনালে আজ ভারতকে এগিয়ে রাখবেন অধিনায়ক ও চৌকস স্ট্রাইকার সুনীল ছেত্রী। রাউন্ড রবিন লিগের চার ম্যাচেই তিনি করেছেন ৫ গোল। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিকও করেছেন তিনি। চলতি আসরে এটিই একমাত্র হ্যাটট্রিক। এছাড়া নেপাল ম্যাচে একটি ও কুয়েত ম্যাচে একটি গোল পান তিনি। সব মিলিয়ে ৫ গোল নিয়ে চার্টে এক নম্বরে রয়েছেন তিনি। তার ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় সর্বোচ্চ ২ গোল রয়েছে বাংলাদেশের রাকিব হোসেন ও শেখ মোরসালিনসহ মোট ছয়জনের।
সাফের ইতিহাসেই এখন যুগ্মভাবে শীর্ষে অবস্থান করছেন ছেত্রী। তার সমান ২৩ গোল রয়েছে মালদ্বীপের সাবেক তারকা আলী আশফাকের।
১৪১ র্যাংকধারী কুয়েতের বিপক্ষে আজ ফেভারিট হিসেবেই খেলবে ১০০ নম্বর র্যাংকধারী ভারত। এরই মধ্যে লেবাননকে ১৫ দিনের ব্যবধানে দু দুবার হারিয়ে তারা নিজেদের সক্ষমতার প্রমাণও দিয়েছে। এবার সাফ শিরোপার কাছাকাছি ছেত্রীর দল।
নিষেধাজ্ঞার কারণে অংশ নিতে পারেনি শ্রীলংকা। ফলে অতিথি দল হিসেবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ও লেবাননকে আমন্ত্রণ জানানো হয়। সব মিলে আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে ওঠে। ‘এ’ গ্রুপ থেকে ভারত ও কুয়েত এবং ‘বি’ গ্রুপ থেকে লেবানন ও বাংলাদেশ পায় শেষ চারের টিকিট।










