মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ সাড়ে পাঁচশ ছাড়িয়েছে। শান মাসুদ (১৫১) ও আব্দুল্লাহ শফিকের (১০২) সেঞ্চুরিতে সোমবার প্রথম দিন ৪ উইকেটে ৩২৮ রান তোলা পাকিস্তান আজ মঙ্গলবার চা বিরতির আগে পাঁচশ রান ছাড়িয়ে যায়। পরে ৫৫৬ রানে অলআউট হয় স্বাগতিকরা। আজ দলকে টানেন আগা সালমান, সৌদি শাকিল ও টেল-এন্ডের বাকিরা।

৩৫ রান দিয়ে দিন শুরু করা সৌদি শাকিল ৮২ রান করে ফিরেছেন সাজঘরে। তিনি নাসিম শাহকে নিয়ে ৬৪ ও আগা সালমানকে নিয়ে ৫৭ রানের দুটি কার্যকর জুটি গড়েন। শাকিলের বিদায়ের পর শুরু হয় সালমানের লড়াই। নবম উইকেটে শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে ৮৫ রানের অনবদ্য এক জুটিতে তিনি দলের সংগ্রহ পাঁচশ ছাড়িয়ে সাড়ে পাঁচশতে নিয়ে যান। এ পথে তিনি তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। ১১৯ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন সালমান। ইংল্যান্ডের জ্যাক লিচ তিনটি এবং ব্রাইডন কার্স ও গাস অ্যাটকিনসন দুটি করে উইকেট নেন।

২০২২ সালের ডিসেম্বরে পাকিস্তানের মাটিতে তিন টেস্টের সিরিজ ৩-০তে জিতেছে ইংল্যান্ড। এবারও সমান তিন টেস্টের সিরিজ খেলছে দুই দল।