উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘ই’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি বার্সেলোনা ও জুভেন্টাস। যদিও দুই দলের লড়াই ছাপিয়ে আলোতে থাকছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লা লিগায় বহু লড়াইয়ে মুখোমুখি হয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের কল্যাণে আরেকবার মেসির মুখোমুখি হচ্ছেন বর্তমানে জুভেন্টাসে খেলা রোনালদো।
মেসি ও রোনালদোর দ্বৈরথ দিয়েই অনেকে আধুনিক ফুটবলকে সংজ্ঞায়িত করে থাকেন। আবার তাদের মধ্যে কে সর্বকালের সেরা ফুটবলার, তা নিয়েও তর্কের যেন শেষ নেই। সর্বকালে সেরার এই তর্কে আপনি যে দলেই পড়েন না কেন, একটি বিষয় আপনাকে মানতেই হচ্ছে, দুজনই পড়েছেন ক্যারিয়ারের গোধুলিলগ্নে। ৩৫ বছর বয়সী রোনালদো ও ৩৩ বছর বয়সী মেসি যে একই মাঠে আগের মতো সুযোগ তৈরি কিংবা গোল করতে সক্ষম হবেন না, এটা অনুধাবন করা কঠিন নয়।
বার্সেলোনা ও জুভেন্টাস উভয়ই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে। কাজেই আজ ন্যু ক্যাম্পে দলগত লড়াইয়ের চেয়ে সমর্থকদের চোখ থাকবে বিশেষ করে মেসি-রোনালদো ডুয়েলের দিকে।
দল হিসেবে বার্সার সময়টা বেশ খারাপ যাচ্ছে। লা লিগায় ১০ রাউন্ড শেষে লিগ লিডার অ্যাতলেটিকো মাদ্রিদের চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে কাতালান ক্লাবটি। তাদের সংগ্রহ মাত্র ১৪ পয়েন্ট। যখন কোনো কিছুই ভালো যায় না, তখন ন্যু ক্যাম্পে সবার চোখ থাকে সুপারস্টার মেসির দিকে। কাতালান সমর্থকদের আশা, আজ মেসিই টেনে তুলবেন বার্সেলোনাকে।
সূত্র: ইভেনিং স্ট্যান্ডার্ড ও মার্কা










