হ্যামিল্টনে আজ রোববার সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে পাকিস্তানকে
১৯৫ রানের বড় টার্গেট দিয়ে ২১ রানের জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাটিং করতে
নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৪ রান তোলে কিউইরা। রান তাড়া করতে নেমে সফরকারীরা
১৯.৩ ওভারে ১৭৩ রানে গুটিয়ে যায়।
প্রায় দুশ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০ রানের মধ্যেই
দুই ওপেনার সাইম আইয়ুব ও মোহাম্মদ রিজওয়ানকে হারায় পাকিস্তান। এরপর বাবর আজম ও ফখর
জামানের ৪৯ বলে করা ৮৭ রানের জুটি ম্যাচে ফেরায় পাকিস্তানকে। ২৫ বলে ৩টি চার ও ৫টি
ছক্কায় ৫০ রান করে সাজঘরের পথ ধরেন বামহাতি ব্যাটার ফখর জামান। এরপর দ্রুতই আরো ৩ উইকেট
হারায় সফরকারী দলটি। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে (১৩ বলে ২২) নিয়ে লড়ে যান বাবর। যদিও
১৮তম ওভারের প্রথম বলে বাবর আজম আউট হয়ে গেলে ম্যাচ হেলে পড়ে স্বাগতিকদের দিকে।
পরের ওভারে টানা দুই বলে ফিরে যান শাহিন ও উসামা মির
(১৬৫/৯)। এর ছয় বল পর শেষ উইকেট হারায় দলটি (১৭৩/১০)। পেস বোলার অ্যাডাম মিলনে ৩৩ রানে
৪টি এবং টিম সাউদি ৩১ রানে ২টি, বেন সিয়ার্স ২৮ রানে ২টি ও ইস সোধি ৩৩ রানে ২টি উইকেট
নেন।
এর আগে নিউজিল্যান্ডের শুরুটা ছিল বিধ্বংসী। ৫ ওভারেই
তারা তুলে নেয় ৫৯ রান। ফিন অ্যালেনের ঝড়ো ব্যাটিংয়ে (৪১ বলে ৭৪ রান) ১১ ওভারশেষে দলটির
সংগ্রহ ছিল ১২১/১! এরপরও তারা দুশ পায়নি শেষ দিকের ব্যর্থতায়, কিংবা পাকিস্তানের দারুণভাবে
ফিরে আসায়।
দলের ১১১ রানের সময় আহত হয়ে মাঠ ছাড়েন কিউই দলনায়ক কেন
উইলিয়ামসন (১৫ বলে ২৬ রান)। এরপর পাকিস্তানের বোলাররা দুর্দান্ত বোলিং করলেও মিচেল
স্যান্টনার (১৩ বলে ২৫), ড্যারিল মিচেল (১০ বলে ১৭) ও গ্লেন ফিলিপসের (৯ বলে ১৩) ব্যাটে
ভর করে ১৯৪ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। হারিস রউফ তিনটি ও আব্বাস আফ্রিদি দুটি
উইকেট নেন।
এর আগে অকল্যান্ডে প্রথম টি২০ ম্যাচে হেরেছে পাকিস্তান।
আগে ব্যাট করে ৮ উইকেটে ২২৬ রানের সৌধ গড়ে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ১৮০ রানে গুটিয়ে
যায় দলটি সফরকারীরা।
১৭ জানুয়ারি ডানেডিনের ওটাগো ইউনিভার্সিটি ওভালে তৃতীয়,
১৯ জানুয়ারি ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে চতুর্থ ও একই মাঠে ২১ জানুয়ারি পঞ্চম ম্যাচ।










