দ্বিতীয়বারের মতো স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে দিলেন ফরাসি কোচ জিনেদিন জিদান। গতকাল ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণায় এ কথা জানানো হয়।

প্রথম মেয়াদে অবিশ্বাস্য সফলতা পেলেও দ্বেতীয় মেয়াদে তিনি রিয়ালকে শুধু একটি লা লিগা শিরোপা ও একটি স্প্যানিশ সুপার কাপ জেতাতে সমর্থ হন। ২০২০-২১ মৌসুমে তার অধীনে রিয়াল মাদ্রিদ কোনো শিরোপাই জিততে পারেনি, যা ২০০৯-২০১০ মৌসুমের পর প্রথম ঘটল। এমন একটি ব্যর্থ মৌসুম শেষে জিদান নিজে থেকেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।

জিদানের প্রথম অধ্যায়ে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত রিয়াল টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে। ২০১৬/১৭ মৌসুমে লা লিগা শিরোপাও জয় করে তার দল। ওই সফলতার নিরিখে তাকে আবারো সসম্মানে কোচ নিয়োগ করা হয়। বিদায় নেয়ার ১০ মাস পর আবারো বার্নাব্যুতে ফিরে আসেন জিজু। ফিরেই পান লা লিগার স্বাদ। কিন্তু গত জানুয়ারিতে কোপা ডেল রে কাপে অখ্যাত আলকোয়ানোর কাছে রিয়ালের হারের পরই জিদানের বিদায়ের গুঞ্জন ওঠে। যদিও মৌসুম শেষ হওয়ার অপেক্ষা ছিলেন জিদান নিজেও। চ্যাম্পিয়ন্স লিগ কিংবা লা লিগায় শিরোপা জিততে পারলে হয়তো চিত্রটা এখন অন্যরকম হতো।

লা লিগায় শেষ দিন শেষ মিনিট পর্যন্ত শিরোপার জন্য লড়াই করেছে রিয়াল মাদ্রিদ। যদিও অ্যাতলেটিকো মাদ্রিদের জয়ে রিয়ালের শিরোপার আশা ভেঙে যায়। তাতে জিদান ও রিয়ালের সম্পর্কেরও যবনিকাপাত চূড়ান্ত হয়ে যায়।

গুঞ্জন চলছে জিদানের জায়গায় কে আসছেন তা নিয়েও। জুভেন্টাসের সাবেক কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি ও রিয়াল গ্রেট রাউল গঞ্জালেস ছাড়াও আলোচনায় রয়েছেন ইন্টার মিলান ছেড়ে দেয়া আন্তোনিও কন্তে। বুধবার ইন্টার ছেড়ে দেয়ার ঘোষণা দেন কন্তে।