জুভেন্টাস ছেড়ে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখাতে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইংলিশ ক্লাবটি গতকাল নিশ্চিত করেছে, পর্তুগিজ ক্লাবটিকে পুনরায় সই করাতে জুভেন্টাসের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় উপনীত হয়েছে তারা।

৩৬ বছর বয়সী ফরোয়ার্ডের জন্য জুভেন্টাসকে ১ কোটি ২৮ লাখ পাউন্ড দেবে ম্যানইউ। এখন খেলোয়াড়টির ব্যক্তিগত শর্তাবলি, ভিসা আর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলেই চুক্তি স্বাক্ষর হবে।

এর আগে ম্যানইউতে নিজের প্রথম অধ্যায়ে ২৯২ ম্যাচে ১১৮ গোল করেন রোনালদো। ২০০৯ সালে তখনকার বিশ্বরেকর্ড ফিতে তিনি যোগ দেন রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ ক্লাবটির জার্সিতে একের পর এক রেকর্ড গড়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এ খেলোয়াড়। ২০১৮ সালে ১১২ মিলিয়ন ইউরো ফি দিয়ে রিয়াল মাদ্রিদ থেকে রোনালদোকে দলভুক্ত করে জুভেন্টাস। রেকর্ডের এই বরপুত্র জুভেন্টাসের হয়ে সিরি-এ লিগে দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়েছেন। এ কীর্তি গড়েছেন তিনি ১৩১ ম্যাচে। যদিও তুরিনের ওল্ড লেডিদের হয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার হতাশা নিয়ে বিদায় নিচ্ছেন। রোনালদোকে পুনরায় সই করানো নিয়ে ম্যানইউ এক বিবৃতিতে বলেছে, ক্লাবের প্রত্যেকেই ক্রিস্টিয়ানোকে ম্যানচেস্টার ইউনাটেডে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছে।

২৪ ঘণ্টার নাটকীয়তায় ম্যানইউর হয়ে গেলেন রোনালদো। গুঞ্জন ছিল, ম্যানইউর নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটিতে নাম লেখাচ্ছেন রোনালদো এবং ক্লাবটির সঙ্গে তার মৌখিক সমঝোতাও নাকি হয়ে গিয়েছিল। যদিও সুপার এজেন্ট হোর্হে মেন্দেসের ম্যাজিকে হয়তো শেষ মুহূর্তে বদলে গেল রোনালদোর গন্তব্য।

প্রথম অধ্যায়ে ম্যানইউর হয়ে তিনটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লিগ কাপ, একটি এফএ কাপ ও একটি ক্লাব বিশ্বকাপ শিরোপা জয় করেন রোনালদো।