আয়ারল্যান্ডের সঙ্গে টেস্টে দ্বিতীয়বারের দেখায় ঘরের মাঠে দুর্বার বাংলাদেশ। সিলেটে সিরিজের প্রথম টেস্টে তিনদিনেই জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা। আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে গতকাল তৃতীয় দিন ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর আইরিশরা দ্বিতীয় ইনিংসে ৮৫ রানে হারিয়ে বসেছে ৫ উইকেট। বাকি ৫ উইকেট হাতে নিয়ে এখনো ২১৫ রানে পিছিয়ে রয়েছে সফরকারী দল।

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয় দ্বিতীয় দিনশেষে অপরাজিত ছিলেন ১৬৯ রানে। গতকাল নামের পাশে আর মাত্র দুই রান করেই আউট হয়ে যান। সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভের সঙ্গে ১৭৩ রানের জুটি গড়েন জয়। তাকে আউট করা ব্যারি ম্যাকার্থি পরের ওভারেই সাজঘরে ফেরান মুমিনুলকেও (১৩২ বলে ৮২)। দুই সেট ব্যাটারের বিদায়ের পর দলকে টানেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম আর লিটন দাস। মুশফিককে নিয়ে ৭৯ ও লিটনকে নিয়ে ৯৮ রানের কার্যকর জুটি গড়েন বাংলাদেশ দলনায়ক। ৫৩ বলে ফিফটি করা শান্ত সেঞ্চুরি পূর্ণ করেন ১১২ বলে। এটা টেস্টে তার অষ্টম সেঞ্চুরি। তিন অঙ্ক ছোঁয়ার পরই অ্যান্ডি ম্যাকব্রাইনের শিকার হয়ে সাজঘরে ফেরেন শান্ত।