রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে গতকাল ‘সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৪’-এ সব আলোই যেন কেড়ে নেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কৃতী ফরওয়ার্ড ঋতুপর্ণা চাকমা। বিচারক ও পাঠক উভয়ের ভোটে ‘বর্ষসেরা ক্রীড়াবিদ’ হয়ে তিনি পান দুটি ট্রফি। তার এ আনন্দ দ্বিগুণ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক ঘোষণায়। গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে জানানো হয়, ফুটবলে বাংলাদেশকে অনেক সাফল্য এনে দেয়া ঋতুপর্ণার গ্রামের বাড়ি নির্মাণ করে দেবে বিসিবি।

সভা শেষে গতকাল রাতে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিসিবির পরিচালক ইফতেখার রহমান। এরই মধ্যে প্রকৌশলীর মাধ্যমে বাড়িটির নকশা চূড়ান্ত হয়েছে এবং তা বিসিবির কাছে পাঠিয়েছে ঋতুপর্ণার পরিবার। গতকালের বোর্ডসভায় এর অনুমোদন দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

গত মাসে উইমেনস এশিয়া কাপের বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। দলের সেই সাফল্য যাত্রায় অসাধারণ পারফর্ম করেন ঋতুপর্ণা। তিনি করেন পাঁচ গোল। গত বছর সাফ চ্যাম্পিয়নশিপে দলের শিরোপা ধরে রাখার আসরেও ঋতুপর্ণা ছিলেন উজ্জ্বল। ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে তার গোলই গড়ে দিয়েছিল ম্যাচের ভাগ্য।