আইসিসির মাসসেরা নারী খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক পিংকি ও স্পিনার নাহিদা আক্তার। তালিকার তৃতীয় খেলোয়াড় পাকিস্তানের বামহাতি স্পিনার সাদিয়া ইকবাল। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৩ সালের নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের এ সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি। এখান থেকে একজন হবেন মাসের সেরা খেলোয়াড়।
অক্টোবরের শেষের দিকে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি২০ সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। ওই সিরিজে তরুণ স্পিনার নাহিদা আক্তার দুর্দান্ত বোলিং করেন। পরে পাকিস্তানের বিপক্ষে জেতা ওয়ানডে সিরিজেও তিনি ছিলেন শীর্ষ পারফরমার। ওয়ানডে সিরিজে ১৪.১৪ গড়ে নেন সাত উইকেট। তারই স্বীকৃতি হিসেবে এবার আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় তিনি ঠাঁই পেলেন।
তিনি অক্টোবরেও আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়ার রেসে ছিলেন। যদিও শেষ পর্যন্ত পুরস্কারটি পাননি। এবার তিনি ফেভারিট। তিনিই পেতে পারেন নভেম্বরের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩৬.৬৬ গড়ে ১১০ রান করেন অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক পিংকি। সর্বোচ্চ ৬২ রান আসে তার ব্যাট থেকে। শেষ ম্যাচে পাকিস্তানের ১৬৬ রানের জবাবে ওপেনিং জুটিতে মুর্শিদা খাতুন ও ফারজানা তুলে দেন ১২৫ রান। এরপর জয় নিয়ে আর ভাবতে হয়নি স্বাগতিকদের। পরে সাত উইকেটের সহজ জয়ে সিরিজ নিশ্চিত করে নিগারের দল। ওই পারফরম্যান্সের কারণেই ৩০ বছর বয়সী এ ব্যাটার স্থান করে নেন আইসিসির মাসসেরার তালিকায়।
বাংলাদেশ সফরে পাকিস্তানের উজ্জ্বল মুখ স্পিনার সাদিয়া ইকবাল। ১২.৫ গড়ে তিনি নেন ছয় উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ২.৫৮।
এদিকে আইসিসির মাসসেরা পুরুষ খেলোয়াড়ের তালিকায় আছেন ভারতের পেস বোলার মোহাম্মদ শামি এবং অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল। শামি বিশ্বকাপে সর্বোচ্চ ২৪ উইকেট শিকার করেছেন। এর মধ্যে নভেম্বরে ১২.০৬ গড়ে নিয়েছেন ১৫ উইকেট। ট্রাভিস হেড সেমিফাইনাল ও ফাইনালের নায়ক। নভেম্বরে পাঁচ ওয়ানডে ম্যাচে ৪৪ গড়ে করেছেন ২২০ রান।
ফাইনালে ভারতের বিপক্ষে ১২০ বলে ১৩৭ রানের ইনিংস খেলে তিনিই ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা এনে দেন অস্ট্রেলিয়াকে। আর ম্যাক্সওয়েল আফগানিস্তানের বিপক্ষে ১২৮ বলে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন। নভেম্বরে তিনি ২০৪ গড়ে ও ১৫২.২৩ স্ট্রাইক রেটে ২০৪ রান করেন। বিশ্বকাপ শেষে ভারতের বিপক্ষে দুটি টি২০ ম্যাচে ২০৭.১৪ স্ট্রাইক রেটে তিনি করেন ১১৬ রান।










