সংযুক্ত আরব আমিরাতে অক্টোবর-নভেম্বরে বসছে এবারের টি২০ বিশ্বকাপ আসর। আরব আমিরাতে কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশও। আইপিএল ফাইনাল ১৫ অক্টোবর, এর ঠিক দুদিন পর ১৭ অক্টোবর শুরু হবে টি২০ বিশ্বকাপ, টুর্নামেন্টের ফাইনাল ১৪ নভেম্বর।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ভারতে অনুষ্ঠিত আইপিএল মধ্য পথে স্থগিত হয়ে যায়, যার বাকি অংশ চলে যায় আরব আমিরাতে। ভারতীয় ক্রিকেট বোর্ড সম্প্রতি জানিয়ে দেয়, আইপিএলের বাকি অংশ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর ও অক্টোবরে। এই সময় ছাড়া কোনো উইন্ডোও খোলা নেই। তাই অল্প বিরতিতে দুটি টুর্নামেন্ট মাঠে গড়াতে যাচ্ছে। যদিও বিসিসিআই এখনো আনুষ্ঠানিকভাবে আইসিসিকে আইপিএলের ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।
বর্তমান পরিকল্পনা অনুসারে, টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের কিছু ম্যাচ আরব আমিরাতের প্রতিবেশী ওমানে অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ, শ্রীলংকা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউগিনি। এই আট দলের মধ্য থেকে শীর্ষ চারটি দল টি২০ র্যাংকিংয়ের শীর্ষ ৮ দলের সঙ্গে যোগ দেবে সুপার-১২ রাউন্ডে।
সুপার-১২ পর্বের খেলা শুরুর কথা ২৪ অক্টোবর। এই পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে দলগুলো, প্রতি গ্রুপে থাকবে ছয়টি করে দল। এরপর তিনটি প্লে-অফ ম্যাচ, দুটি সেমিফাইনাল ও ফাইনাল।










