মোসাম্মত সাগরিকার হ্যাটট্রিকে ষষ্ঠ সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলংকাকে ৯-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। গতকাল ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিকদের হয়ে মুনকি আক্তার দুটি এবং স্বপ্না রানী, রুপা আক্তার, শান্তি মার্দি ও শিখা জাহান আক্তার একটি করে গোল করেন।
মিয়ানমারে সদ্যই এশিয়ান কাপ বাছাই পর্ব খেলা আটজনকেই শুরুর একাদশে রাখেন কোচ পিটার বাটলার। শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় মিনিটে ফ্রি-কিকের গোলে লিড নেয়। স্বপ্না রানী বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন। এর ২ মিনিট পর মুনকি আক্তার বল নিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলকিপারের পাশ দিয়ে বাঁ পায়ে দারুণ ফিনিশিংয়ে গোল করেন (২-০)।
ম্যাচের ৩৮ মিনিটে সাগরিকার কল্যাণে বাংলাদেশ পায় তৃতীয় গোলের দেখা। শিখার ক্রসে সাগরিকা প্রথমে ঠিকমতো বল রিসিভ করতে পারেননি, পরে বাম পা দিয়ে বল টার্ন করে পোস্টের সামনে থেকে গোল করেন (৩-০)। বিরতির পর তিনটি পরিবর্তন আসে দলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই সাগরিকার কাটব্যাকে গোলমুখে আনমার্কড মুনকি নিখুঁত ট্যাপে জাল খুঁজে নেন (৪-০)। এর পরই অধিনায়ক আফঈদা খন্দকারকে তুলে রুমা আক্তারকে নামান বাটলার। ৪৮ মিনিটে বাম দিক থেকে আসা ক্রস দারুণ প্লেসিং শটে জালে জড়ান শিখা (৫-০)।
৫৩ মিনিটে একক প্রচেষ্টায় এগিয়ে বক্সে ঢুকে নিচু শটে ব্যবধান বাড়ান সাগরিকা (৬-০)। এর ৫ মিনিট পর পূজার কাটব্যাকে প্লেসিং শটে হ্যাটট্রিক পূরণ করেন এই ফরোয়ার্ড (৭-০)। ম্যাচের ৮৩ মিনিটে রুপা দলের হয়ে অষ্টম গোল করেন (৮-০)। যোগ করা সময়ে শ্রীলংকার জসোথারান লাইয়ানসিকা সান্ত্বনাসূচক একটি গোল করেন (৮-১)। যদিও এর ২ মিনিট পর আবার ব্যবধান বাড়ান বাংলাদেশের শান্তি মার্দি (৯-০)।
১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই টানা দুই ম্যাচে মেয়েদের প্রতিপক্ষ ভুটান। ১৯ জুলাই আবার লংকানদের মুখোমুখি হবেন স্বপ্না-সাগরিকারা। আর ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে স্বাগতিকরা। গ্রুপে চারটি দল একে অন্যের বিপক্ষে দুবার করে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।
এটা অনূর্ধ্ব-২০ নারী সাফের ষষ্ঠ আসর। গত বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের মাটিতে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ও ভারত। এবার ভারত অংশ নিচ্ছে না। বাংলাদেশ সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে, ভারত জিতেছে দুবার।










