গোয়ার নেহরু স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে বাংলাদেশের হয়ে গোল করেছেন ঋতুপর্ণা চাকমা ও সাগরিকা। এ নিয়ে টানা তৃতীয়বার টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।

আগের দুই আসর ২০২২ ও ২০২৪ সালে শিরোপা জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

৫ জুন ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও ভুটানের মধ্যকার আরেক সেমিফাইনালে বিজয়ী দল। গতকালের ম্যাচে নেপালের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম মিনিট থেকেই বাংলাদেশ বেশ চাপে ছিল। ২৩ মিনিটে দিপা শাহীর কর্নার কিক থেকে গিতা রানা নেপালকে এগিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই সমতায় ফেরার সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু বাজে ফিনিশিংয়ে তা সম্ভব হয়নি। ৩৬ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগে আরো একটি গোল হজম থেকে রক্ষা পায়। প্রীতি রাইয়ের দূরপাল্লার শট পোস্টে লেগে ফেরত আসে। 

অবশেষে প্রথমার্ধের ইনজুরি টাইমে বাংলাদেশ সমতা ফেরায়। তারকা ফরওয়ার্ড ঋতুপর্ণা চাকমা কর্নার কিক থেকে সরাসরি বল জালে জড়ালে নেপালের গোলরক্ষকের কিছুই করার ছিল না। 

বিরতির পর বাংলাদেশ আরো গোছানো ও আক্রমণাত্মক খেলা উপহার দেয়। বেশকিছু সুযোগ তৈরি করে তারা নেপালের রক্ষণভাগকে ব্যস্ত করে তোলে। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে ডান দিক থেকে শামসুন্নাহার জুনিয়রের পাসে বদলি খেলোয়াড় সাগরিকা পোস্টের কাছ থেকে জয়সূচক গোলটি করেন। আর এতেই বাংলাদেশের হ্যাটট্রিক সাফ শিরোপা জয়ের স্বপ্ন টিকে থাকে।