অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাজ। আজ ছেলেদের এককে চতুর্থ রাউন্ডে ক্রোয়েশিয়ার মিওমির মেচমানোভিচকে ৬-৪, ৬-৪, ৬-০ গেমে হারান তিনি। শেষ আটে তার সঙ্গী হয়েছেন রাশিয়ার দানিল মেদভেদেভ, আলেক্সান্ডার জেভেরেভ, লিন্ডা নসকোভা।

 

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ২০ বছর বয়সী আলকারাজ। চোটের কারণে গত বছর মেলবোর্নে খেলা হয়নি তার। এবার তাই বছরের প্রথম এই গ্র্যান্ডস্লাম আসরে শিরোপা জিততে তিনি মরিয়া। এখন পর্যন্ত তিনি শিরোপা ফেভারিটের মতোই ছুটছেন। দ্বিতীয় বাছাই আলকারাজ আজ মিওমিরকে দুই ঘণ্টারও কম সময়ে হারিয়েছেন। শেষে আটে তিনি লড়বেন অলিম্পিক চ্যাম্পিয়ন আলেক্সান্ডার জেভেরেভের বিপক্ষে।

 

শেষ আটে ওঠার পথে মাত্র একটি সেট হেরেছেন আলকারাজ। তার পরের প্রতিপক্ষ জেভেরেভ তৃতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের এই রাউন্ডে উঠলেন। যদিও আজ ব্রিটেনের ক্যামেরন নরির বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয় তাকে। শেষ পর্যন্ত জার্মান তারকা জিতেছেন ৭-৫, ৩-৬, ৬-৩, ৪-৬, ৭-৬ (৩) গেমের ব্যবধানে।

 

তৃতীয় বাছাই দানিল মেদভেদেভ চতুর্থ রাউন্ডে ৬-৩, ৭-৬ (৪), ৫-৭, ৬-১ গেমে হারান পর্তুগালের নুনো বোরহেসকে। শেষ আটে তিনি লড়বেন পোল্যান্ডের হার্বার্ট হারকাজের বিপক্ষে। ফরাসি ওয়াইল্ড কার্ড পাওয়া আর্থার কাজাক্সকে হারান হারকাজ।   

 

অস্ট্রেলিয়ান ওপেনে আজ ইউক্রেনের সুখের দিন, ইউক্রেনের দুঃখেরও দিন। ২৩ বছর বয়সী ডায়ানা ইয়াস্ত্রেমস্কা বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ৭-৬ (৮/৬), ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডস্লামের কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

 

শেষ আটে হতে পারতো অল-ইউক্রেনিয়ান লড়াই। যদিও চেক রিপাবলিকের লিন্ডা নসকোভার বিপক্ষে খেলার সময় পিঠের চোটে পড়ে মাঠ ছাড়েন এলিনা সভিতোলিনা। এ সময় তিনি ৩-০ গেমে পিছিয়ে ছিলেন। ফলে নির্বিঘ্নে শেষ আটের টিকিট পান নসকোভা।

 

মাঠ ছাড়ার আগে সাবেক তিন নম্বর র‍্যাংকধারী সভিতোলিনা বলেন, ‘এটা কি তা আমি জানি না, কিন্তু মনে হচ্ছিল গুলিবিদ্ধ হলে যেমনটি ব্যথা অনুভুত হয় তেমনটি। শেষ দুটি পয়েন্টের সময় এই ব্যথা অনুভব করি আমি। আমার যেন কিছুই করার ছিল না। এটা আমার গোটা পিঠকেই অসার করে দেয়। অবশ্যই আমি অনেক অনেক হতাশ।’