মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

 

অসুস্থতার কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমা। তার জায়গায় প্রোটিয়া দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। বাভুমার জায়গায় দলে এসেছেন রিজা হেনড্রিকস।

 

১৫ অক্টোবর দিল্লিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দেয় আফগানিস্তান। দুদিন পর ধর্মশালায় নেদারল্যান্ডসের কাছে হেরে যায় দক্ষিণ আফ্রিকা, যারা আগের পাঁচ ওয়ানডেতে ছিল জয়রথে। মুম্বাইয়ে আজ এই দুই হারা দলের লড়াই।

 

দক্ষিণ আফ্রিকা টানা দুই ম্যাচে গুঁড়িয়ে দেয় শ্রীলংকা ও অস্ট্রেলিয়াকে। শ্রীলংকাকে ১০২ রানে ও অস্ট্রেলিয়াকে ১৩৪ রানে বিধ্বস্ত করে তেম্বা বাভুমার দল। আগুণ ফর্মে থাকা এই দলটিকে মাটিতে নামায় ডাচরা। প্রোটিয়াদের জয়রথ থামে। পয়েন্ট টেবিলেও নিউজিল্যান্ড-ভারতের চেয়ে পিছিয়ে পড়ে তারা। শুক্রবার পর্যন্ত ৩ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের তিনে অবস্থান করছিল দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ছিল টেবিলের পাঁচ নম্বরে।

 

এক হারেই অবশ্য দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালের আশা শেষ হয়ে যায়নি। এখনো ছয় ম্যাচ বাকি তাদের। তবে সেমির পথটা মসৃণ রাখতে নিশ্চিতভাবেই জয়ে ফিরতে চাইবেন বাভুমা-কুইন্টন ডি ককরা।

 

দক্ষিণ আফ্রিকার চেয়ে খারাপ অবস্থায় ইংল্যান্ড। তারা তিন ম্যাচের মধ্যে দুটিতেই হেরেছে ব্যাকফুটে চলে গেছে। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে পরাজয় শিরোপা রক্ষার মিশন শুরু হয় জস বাটলারের দলের। ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে ১৩৭ রানের জয় পেয়ে সেই দুঃখ ভুলেছেন বাটলার ও তার সহযোদ্ধারা।

 

যদিও এক ম্যাচ পরে আবার বিপর্যয়। দিল্লিতে ইংলিশদের ৬৯ রানে হারিয়ে চমক দেখায় আফগানরা। বিশ্বকাপে তো বটেই, যেকোনো ফরম্যাটের ক্রিকেটে সেটাই ছিল আফগানিস্তানের কাছে তাদের প্রথম হার। আজ প্রোটিয়াদের হারিয়ে বিপক্ষে চ্যাম্পিয়নদের ফেরার চ্যালেঞ্জ।

 

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েৎজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।

 

ইংল্যান্ড একাদশ

জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুকস, জস বাটলার, ডেভিড উইলি, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন, মার্ক উড, রিস টপলি।