বাঁ হাঁটুর ইনজুরিতে দুই মাসের জন্য ছিটকে গেছেন ওয়েস্ট হ্যামের ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ৭ জানুয়ারি এফএ কাপের তৃতীয় রাউন্ডের প্রথম লেগে ব্রিস্টল সিটির বিপক্ষে হুট করেই মাঠে বসে পড়েন পাকেতা। তখন বাঁ পায়ের হাঁটুর কাছাকাছি অংশে চেপে ধরে থাকতে দেখা যায় তাকে। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। ১৪ মিনিটে মাঠ ছাড়েন খুঁড়িয়ে খুঁড়িয়ে।

এরই মধ্যে পাকেতা বিশেষজ্ঞের শরণাপন্ন হচ্ছেন বলে ওয়েস্ট হ্যাম জানিয়েছে। তার অনুপস্থিতি ম্যানেজার ডেভিড ময়েসের জন্য অনেক বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০২৩ সালে ওয়েস্ট হ্যামের পুনরুত্থানে বিশাল অবদান ছিল পাকেতার। গত জুনে ইউরোপ কনফারেন্স লিগের ফাইনালে ফিওরেন্টিনার বিপক্ষে তার পাসে জার্ড বোয়েনের গোলে ৪৩ বছর পর ওয়েস্ট হ্যামের প্রথম কোনো শিরোপা জেতে।

সম্প্রতি এনিয়ে দুইবার মাঠ ছাড়লেন তিনি পায়ের পেশির চোট নিয়ে। গত ডিসেম্বরের শেষ দিকে আর্সেনালকে ২-০ গোলে হারানোর ম্যাচেও ৩৩ মিনিট পর তাকে একই কারণে মাঠ ছাড়তে হয়। পরের ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ছিলেন না তিনি।

২০২৩ সাল জুড়ে ওয়েস্ট হ্যামের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠেছিলেন এ ব্রাজিলিয়ান মিডফিল্ডার। তার ইনজুরির কারণে ছিটকে যাওয়া নিশ্চিতভাবেই বড় ধাক্কা হয়ে আসছে ডেভিড ময়েসের দলের জন্য।

চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী পাকেতা। ৫ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ছয়টি।