উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে তুর্কি দল ইস্তাম্বুল বাসাকসেহিরের মাঠে ১-২ গোলে হারের লজ্জা পেল ইংলিশ ঘুমন্ত দৈত্য ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার আরেক ম্যাচে জার্মানির আরবি লিপজিগের কাছে একই ব্যবধানে হেরেছে গতবারের ফাইনালিস্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এ রাতে ডায়নামো কিয়েভের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস ৪-১ গোলে হারায় ফেরেনত্ভারোসকে। খবর বিবিসি।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত বাসাকসেহির গত মৌসুমেই মাত্র প্রথমবারের মতো তুর্কি প্রিমিয়ার লিগ (তার্কিশ সুপার লিগ) শিরোপা জিততে পেরেছে। চ্যাম্পিয়ন্স লিগে এবার প্রথম দুটি গ্রুপ থেকে কোনো পয়েন্টও পায়নি দলটি। অবশেষে ম্যানইউকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পেল নব্য তুর্কি জায়ান্টরা।
ম্যাচের ১২ মিনিটে প্রায় মধ্য মাঠ থেকে বল নিয়ে গোল করেন চেলসি ও নিউক্যাসলের সাবেক স্ট্রাইকার দেম্বা বা। ৪০ মিনিটে বাসাকসেহিরকে দ্বিতীয় গোল এনে দেন এডিন ভিসকা। তিন মিনিট পর ব্যবধান কমান অ্যান্থনি মার্শিয়াল। যদিও হার এড়াতে পারেনি রেড ডেভিলরা।
লিপজিগ ঘরের মাঠে প্রথমে পেছনে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে। ঘটনাবহুল এ ম্যাচে পিএসজির দু দুজন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এই সুযোগে জয় নিশ্চিত করে লিপজিগ। ৬ মিনিটের সময় অ্যাঞ্জেল ডি মারিয়া এগিয়ে দেন পিএসজিকে। এরপর তার পেনাল্টি সেভ করেন লিপজিগ গোলকিপার গুলাকসি। ৪১ মিনিটে লিপজিগের হয়ে সমতা আনেন পিএসজির সাবেক খেলোয়াড় ক্রিস্টোফার এনকুনকু। রাতের দ্বিতীয় পেনাল্টি ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। ৫৭ মিনিটে পেনাল্টি স্পেট থেকে গোল করে লিপজিগের জয় নিশ্চিত করেন এমিল ফোর্সবার্গ।
এভারটনের সাবেক মিডফিল্ডার ইন্দ্রিসা গুইয়া ৬৯ মিনিটে ও প্রেসনেল কিমপেম্বে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।
এদিকে ন্যু ক্যাম্পে লিওনেল মেসি ও ডিফেন্ডার জেরার্ড পিকের গোলে বার্সেলোনা জিতলেও কাতালানদের কঠিন পরীক্ষাই নিয়েছে অতিথি দল ডায়নামো কিয়েভ। পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিকে। ৭৫ মিনিটে কিয়েভের হয় এক গোল পরিশোধ করেন ভিক্টর সিগানকভ। এ ম্যাচে বার্সার জয়ের নায়ক অবশ্য ইনজুরি কাটিয়ে ফেরা গোলকিপার আন্দ্রে টের স্টেগেন। তিনি কিয়েভের বেশ কয়েকটি গোলপ্রচেষ্টা নস্যাত্ করেন।
চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে পেনাল্টি থেকে তিন গোল করলেও উন্মুক্ত খেলায় থেকে কোনো গোল করতে পারেননি মেসি।
ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস ৪-১ গোলে হারিয়েছে হাঙ্গেরিয়ান দল ফেরেনত্ভারোসকে। জুভেন্টাসের হয়ে নিজের শততম ম্যাচে জোড়া গোল করেন স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা। একটি গোল করেন পাওলো দিবালা। আত্মঘাতী গোল করে জুভেন্টাসের জয়টা সহজ করে দেন লাশ ভালি।
আর্লিং ব্রাউট হালান্ডের জোড়া গোলে ভর দিয়ে ক্লাব ব্রুগেকে ৩-০ ব্যবধানে হারিয়েছে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড। ফ্রান্সের রেনেকে একই ব্যবধানে হারায় ইংলিশ ক্লাব চেলসি। ব্লুজদের হয়ে জোড়া গোল করেন জার্মান স্ট্রাইকার টিমো ভেরনার।
চ্যাম্পিয়ন্স লিগে বুধবারের ফল
জেনিত ১-১ ল্যাজিও
বাসাকসেহির ২-১ ম্যানইউ
চেলসি ৩-০ রেনে
সেভিয়া ৩-২ ক্রাসনোদার
বার্সেলোনা ২-১ ডায়নামো কিয়েভ
ক্লাব ব্রুগে ০-৩ ডর্টমুন্ড
ফেরেনত্ভারোস ১-৪ জুভেন্টাস
লিপজিগ ২-১ পিএসজি










