২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন জাভি হার্নান্দেজ। দায়িত্ব নেয়ার পর গত মৌসুমে ক্লাবকে এনে দিয়েছিলেন লিগ শিরোপাও। তবে শনিবার লা লিগায় ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে বিধ্বস্ত হওয়ার পর হঠাৎই ক্লাব ছাড়ার ঘোষণা দেন জাভি। চলতি মৌসুম শেষে চলে যাবেন তিনি। রোববার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ক্লাব ছাড়ার ঘোষণায় জাভি বলেছেন, আমি ৩০ জুন চলে যাচ্ছি, এটা শেষ। ক্লাবের ভালোর জন্য এই সিদ্ধান্ত। কেউ আমাকে বলেছিল, বার্সার স্যার অ্যালেক্স ফার্গুসন হতে। এটা অসম্ভব। বার্সায় এটা কখনো হবে না।
জাভি আরো বলেছেন, এই সিদ্ধান্ত দলকে এবং এখানকার পরিবেশকে মুক্ত হতে সাহায্য করবে। খেলোয়াড়রা আবারও মুক্ত অনুভব করবেন। টাকা দিয়ে চালিত হয়ে আমি সিদ্ধান্ত নেই না। আমার চুক্তি কখনোই সমস্যা হয়ে দাঁড়াবে না। আমি হৃদয় দিয়ে চালিত হয়ে সিদ্ধান্ত নেই।
ক্লাবের সাথে চুক্তি আরো এক বছর থাকলেও আগামী ৩০ জুন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন এই কোচ। জাভি জানান, বার্সেলোনার প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা, ভাইস প্রেসিডেন্ট রাফা ইউস্তে ও ক্রীড়া পরিচালক ডেকোর সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তার কথায় অভিযোগও প্রকাশ পেল, ‘বার্সেলোনায় আপনার মনে হবে, আপনার সঠিক মূল্যায়ন
করা হচ্ছে না, আপনার সঙ্গে ভুল আচরণ করা হচ্ছে। এখানে সবকিছু এভাবেই চলে। মানসিক স্বাস্থ্যের
ক্ষেত্রে, এটা কঠিন। আমি সব সময়ই একজন ইতিবাচক মানুষ, কিন্তু আমার শক্তি দ্রুতই ফুরিয়ে
আসছে। এমন একটি পর্যায়ে আপনার না থাকাটাই শ্রেয়তম মনে হবে।’
১৯৯৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বার্সার হয়ে খেলেছেন জাভি। এ সময় তিনি ৭৬৭ ম্যাচ
খেলে গোল করেছেন ৮৫টি।
কাতারের আল সাদ ছেড়ে ২০২১ সালের নভেম্বর মাসে তিনি বার্সেলোনার কোচের দায়িত্ব
নেন। তার কোচিংয়ে ২০২২-২৩ মৌসুমে স্প্যানিশ লা লিগার শিরোপা জয় করে বার্সা। যদিও শনিবারের
হারের পর কাতালানরা রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে পড়ায় ক্লাবটি ছেড়ে দেয়ার
সিদ্ধান্ত নেন জাভি।










