টোকিও অলিম্পিক গেমসের টেনিসে এককের সেমিফাইনালে জার্মানির আলেক্সান্ডার জেভেরেভের কাছে হেরে স্টেফি গ্রাফের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন স্লাম’ জয়ের সুযোগ হারিয়েছে নোভাক জোকোভিচ। এবার তিনি হারলেন ব্রোঞ্জ ম্যাচেও। আজ স্পেনের পাওলো কারেনো বুস্তার কাছে হেরে যান ২০ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন। যদিও হেরে মেজাজ ঠিক রাখতে পারেননি টেনিসের এই সুপারস্টার। রাগে, ক্ষোভে একটি র্যাকেট ছুড়ে মারেন, আরেকটি ভেঙেই ফেলেন।
আজ ব্রোঞ্জ ম্যাচে বুস্তার কাছে ৪-৬, ৭-৬ (৮/৬), ৩-৬ গেমে হেরেছেন ৩৪ বছর বয়সী জোকোভিচ। এরপরই অমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। এরপর মিশ্র দ্বৈতের ব্রোঞ্জ ম্যাচ থেকে সরে দাঁড়ান জোকোভিচ। ফলে টোকিও থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে তাকে। নিনা স্টোজানেভিচকে নিয়ে তার খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার অ্যাশলেই বার্টি ও জন পিয়ার্সের সঙ্গে। জোকোভিচরা না খেলায় ওয়াকওভার পেয়ে ব্রোঞ্জ জিতে নিলেন বার্টি ও পিয়ার্স।
হার শেষে জোকোভিচ বললেন, অলিম্পিক গেমসে আমার হৃদয় বিদারক কিছু হার রয়েছে। জানি এসব হার আমাকে আরো শক্তিশালী করে। আমি আবার ফিরে আসব। প্যারিস অলিম্পিকে খেলার চেষ্টা করব, আর দেশের জন্য পদক জয়ের সর্বোচ্চ লড়াই করব।










