৫৫ বছরের মধ্যে বড় কোনো আসরের নকআউটে জার্মানিকে হারাতে সমর্থ হলো ইংল্যান্ড। মঙ্গলবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শেষ ষোলোর লড়াইয়ে পরাশক্তি জার্মানিকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে ইংল্যান্ড।

ঘরের মাঠে পুরো দর্শক সমর্থন পেয়েছে ইংলিশরা। এতে উদ্দীপ্ত থ্রি লায়ন্সরা জার্মানির মতো ‘বড় আসরের বড় দল’কে প্রায় বিনা বাধায় হারাতে পারল। অবশ্য ইংলিশদের প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৭৫ মিনিট পর্যন্ত। ম্যানচেস্টার সিটি তারকা রহিম স্টার্লিংয়ের গোল ভাঙে ডেডলক। ম্যাচের ৮৬ মিনিটে ব্যবধান ২-০ করেন অধিনায়ক হ্যারি কেন। এরপর আর জয় নিয়ে ভাবতে হয়নি গ্যারেথ সাউথগেটের দলকে। 

গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া ও চেক রিপাবলিকের বিপক্ষে জয়সূচক গোল করা স্টার্লিং গতকাল লুক শ’র ক্রস থেকে গোল করে ওয়েম্বলির ৪০ হাজার দর্শককে উন্মাতাল করে তুলেছেন। ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে দলের জয় নিশ্চিত করেন হ্যারি কেন। টটেনহাম অধিনায়ক বদলি খেলোয়াড় জ্যাক গ্রিয়ালিশের পাসে মাথা ছুঁয়ে গোলটি করেন। চলতি আসরে এটাই কেনের প্রথম গোল। 

এই জয়ের জন্য গোলকিপার জর্ডান পিকফোর্ডকে কৃতিত্ব দিতে পারে ইংলিশরা। গোটা আসরে এখন পর্যন্ত ইংল্যান্ডের জালে কেউ বল পাঠাতে পারেনি তার দক্ষতায়। গতকাল প্রথমার্ধে টিমো ভেরনার ও কাই হাভার্টজের শট সেভ করেন তিনি। আর দ্বিতীয়ার্ধে দারুণ সুযোগ নষ্ট করেন অভিজ্ঞ টমাস মুলার। 

১৯৬৬ বিশ^কাপের পর নকআউটে জার্মানির বিপক্ষে প্রথম জয়ে উদ্বেল ইংলিশ দলনায়ক কেন বলেন, যেকোনো দলই এখন আমাদের সমীহের চোখে দেখবে, বিপজ্জনক ভাববে।

তিনি আরো বলেন, এটা অবিশ^াস্য একটি দিন, অবিশ^াস্য একটি ম্যাচ। ওয়েম্বলির এই চিত্র আমরা কখনো ভুলব না। তবে শনিবার আমাদের জন্য আরেকটি বড় দিন অপেক্ষা করছে।

শনিবার কোয়ার্টার ফাইনাল খেলবে ইংলিশরা। প্রতিপক্ষ সুইডেন ও ইউক্রেন ম্যাচের বিজয়ী।  

এ হারের মধ্য দিয়ে জোয়াকিম লুভের জার্মানি অধ্যায়ের শেষ হলো। ২০১৪ সালে ব্রাজিলের মাটিতে বিশ^কাপ জয় করা জার্মানির কোচ ছিলেন তিনি। পূর্ব ঘোষণা অনুসারে ইউরো শেষে তার জায়গায় জার্মানির কোচ হয়ে আসছেন বায়ার্ন মিউনিখের সাবেক কোচ হ্যানসি ফ্লিক।