ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে গুণে গুণে চার গোল দিল ইংল্যান্ড। শনিবার রাতের এ জয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে থ্রি লায়ন্সরা। ১৯৬৬ বিশ^কাপের পর এই প্রথম বড় কোনো ফুটবল আসরে নকআউট পর্বে প্রতিপক্ষকে চার গোল দিতে সমর্থ হলো ইংল্যান্ড। সেই সঙ্গে ২০১৮ সালের বিশ^কাপের পর আরেকটি বড় আসরের সেমিফাইনালে ওঠার কৃতিত্ব দেখাল তারা। সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ ডেনমার্ক। শনিবার শেষ আটে ডেনমার্ক ২-১ গোলে চেক রিপাবলিককে হারায়।
শেষ ষোলোয় জার্মানিকে ২-০ গোলে হারিয়ে আসা ইংলিশরা এবার ইউক্রেনকে দিল চার গোল। অধিনায়ক হ্যারি কেন সামনে থেকে নেতৃত্ব দিয়ে করেন জোড়া গোল, একটি করে গোল পান হ্যারি মাগুইয়ার ও জর্ডান হেন্ডারসন। প্রথম কোনো ইংলিশ ফুটবলার হিসেবে ইউরোর নকআউটে একাধিক গোল করলেন কেন। গোলের চেয়েও বড় কথা, গোটা টুর্নামেন্টে ইংল্যান্ডের নিখুঁত ফুটবল ৫৫ বছর পর তাদের বড় কোনো শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি করেছে। ১৯৬৬ সালের বিশ^কাপের পর বড় কোনো শিরোপার উৎসব হয়নি ইংল্যান্ডে। সেবার ফাইনালে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়েছিল থ্রি লায়ন্সরা। ৫৫ বছরের বন্ধ্যত্ব ঘুচানোর চ্যালেঞ্জ এবার সাউথগেটের দলের। অবশ্য তার আগে ১১ জুলাইয়ের ওয়েম্বলি ফাইনালের টিকিট নিশ্চিত করতে হবে তাদের।
চলতি ইউরোতে পাঁচ ম্যাচে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি ইংল্যান্ড। সব মিলে সাত ম্যাচে ক্লিন শিট বজায় রেখেছেন ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ড, সময়ের হিসেবে যা ৬৬২ মিনিট। এর মধ্য দিয়ে দারুণ কিছু রেকর্ড গড়েছে ইংল্যান্ড দল ও কোচ গ্যারেথ সাউথগেট। আলফ রামসের (১৯৬৬ ও ১৯৬৮) পর দ্বিতীয় কোচ হিসেবে ইংল্যান্ডকে বিশ^কাপ ও ইউরোর সেমিফাইনালে তুললেন তিনি (২০১৮ ও ২০২১)।
ডেনিশরা শেষ ষোলোয় ওয়েলসকে ৪-০ গোলে উড়িয়ে দেয়ার পর শেষ আটে চেক রিপাবলিককে হারায় ২-১ গোলে। আগামী বুধবার ওয়েম্বলিতে সেমিফাইনালে উজ্জীবিত ডেনমার্কের মুখোমুখি হবে ইংল্যান্ড। তার আগে মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ইতালি।










