বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সম্প্রতি ওয়ানডে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এ দলে ডাক পেয়েছেন তিনজন অনভিষিক্ত খেলোয়াড়। তারা হলেন অলরাউন্ডার জস ক্লার্কসন, ফাস্ট বোলার উইল রুর্কি ও লেগ স্পিনার আদি অশোক।
নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়েকে বিশ্রাম দেয়া হয়েছে। এ সিরিজে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।
ইনজুরির কারণে দলে নেই মাইকেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন, জেমস নিশাম, বেন লিস্টার ও হেনরি শিপলি। বোর্ডের চুক্তিতে না থাকা ট্রেন্ট বোল্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
নিউজিল্যান্ড স্কোয়াড
টম ল্যাথাম (অধিনায়ক), আদি অশোক (ম্যাচ ২ ও ৩), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চ্যাপম্যান, জস ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রুর্কি, রাচিন রবীন্দ্র, ইস সোধি (ম্যাচ ১), উইল ইয়াং।










