নানান বাধা বিপত্তির পর অবশেষে নিউজিল্যান্ডে অনুশীলনে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ১১ দিন পর ব্যাট-বল হাতে তুলেছেন ক্রিকেটাররা। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে লিংকন ইউনিভার্সিটি মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ। বন্দি সময় থেকে মুক্তি মেলায় ক্রিকেটাররাও দারুণ স্বস্তি বোধ করছেন। নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় এমন তথ্য জানিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

ভিডিও বার্তায় তিনি বলেছেন, বাইরে বের হতে পারার অনুভূতি অসাধারণ। ১১ দিন হোটেল বন্দি থাকা খুবই চ্যালেঞ্জিং ছিল ছেলেদের জন্য। ছেলেরা রৌদ্রজ্জ্বল একটি দিনে মাঠে আসতে পেরে খুব খুশি।

অনুশীলনের শুরুতে মুমিনুল-মুশফিকরা ওয়ার্মআপে গা গরম করে নেন। এরপর ব্যাটিং অনুশীলন করেছেন নেটে। টেস্ট অধিনায়ক থ্রোয়ারের মাধ্যমে ব্যাটিং সেরেছেন। আর লিটনকে বোলিং করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। মুশফিকুর রহিমকে আলাদা নেটে ব্যাটিং করতে দেখা গেছে। 

তবে টানা বন্দি থাকায় ক্রিকেটারদের কিছুটা জড়তা থাকতে পারে। সে কারণে ছন্দে ফিরতে কিছুটা সময়ও লাগবে বলে মনে করেন বাংলাদেশ দলের কোচ। তিনি বলেন,  আগামী দুই-তিন দিন পুরোদমে অনুশীলন হবে ব্যাটিং-বোলিংয়ের। তাওরাঙ্গা গিয়ে টেস্টের আগে আমরা ছয়দিন অনুশীলনের সুযোগ পাবো। আশা করি, টেস্টে নামার আগে সবাই ছন্দে ফিরতে পারবে, যেমন ইনটেনসিটি দরকার তা নিশ্চিত করতে পারবে।