শীর্ষ র‍্যাংকধারী ও ইনফর্ম বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ১৯৬৮ আসরের চ্যাম্পিয়ন ইতালি। তবে সেমিফাইনালে ওঠার চেয়েও বেশি আলোচনায় আজ্জুরিদের নজরকাড়া ফুটবল। রক্ষণ ও আক্রমণের মিশেলে দৃষ্টিনন্দন খেলা উপহার দিয়ে শেষ চারে পৌঁছে গেছে রবার্তো মানচিনির দল।

শেষ চারে ইতালি মুখোমুখি হবে তিনবারের সাবেক চ্যাম্পিয়ন স্পেনের, যারা শুক্রবার রাতে প্রথম কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হারায় সুইজারল্যান্ডকে। বলা যায়, আত্মবিশ্বাসী ইতালির সামনে অনেকটা নড়বড়ে স্পেন।

অন্য সব ম্যাচের মতো গোলবন্যা না হলেও শুক্রবার রাতে মিউনিখে বেলজিয়াম-ইতালি ম্যাচ ছিল দারুণ উপভোগ্য। চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত সেরা দল ইতালি, আর র‍্যাংকিংয়ে বিশ্বের এক নম্বর দল বেলজিয়াম। এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা দুই দল ম্যাচটিতে নিজেদের মেলে ধরে। যদিও রোমাঞ্চকর এ দ্বৈরথে শেষ হাসি হাসল আজ্জুরিরা।

তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। ৩১ মিনিটে নিকোলো বারেল্লার গোলে লিড নেয় ইতালি। মার্কো ভেরাত্তির পাস থেকে গোলটি করেন তিনি। ৪৪ মিনিটে ব্যবধান ২-০ করেন লরেঞ্জো ইনসিনিয়ে। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ইন্টার মিলান স্ট্রাইকার রোমেলু লুকাকু।