মেয়েদের ফুটবল থেকে এ বছর এসেছে একাধিক সুখবর। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এএফসি উইমেনস এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এছাড়া আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে খেলার টিকিটও পেয়েছে বাংলাদেশ। দুটিতেই যা ঘটেছে প্রথমবার। এবার ছেলেদের বয়সভিত্তিক ফুটবল থেকেও একটি সুখবরের অপেক্ষায় জাতি। দক্ষিণ-পূর্ব চীনের চংগিংয়ের তংলিয়াং লং স্টেডিয়ামে আজ বাছাইপর্বের শেষ ম্যাচে চীনকে হারাতে পারলে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপে খেলার টিকিট পাবে বাংলাদেশের কিশোররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়।
চীনে চলমান বাছাইপর্বে শুক্রবার নিজেদের চতুর্থ জয় তুলে নেয় বাংলাদেশ। চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে ‘এ’ গ্রুপের ম্যাচে বাহরাইনকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোররা। এ জয়ে অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপের মূল পর্বে ওঠার আশা রেখেছে নাজমুল হুদা ফয়সালের নেতৃত্বাধীন দল। আজ স্বাগতিক চীনের বিপক্ষে জিতলেই স্বপ্নপূরণ হবে তাদের। সাবিনা খাতুন, সানজিদাদের সাফ শিরোপা এনে দেয়ার রূপকার গোলাম রব্বানী ছোটন অনূর্ধ্ব-১৭ দলের কোচের দায়িত্ব পালন করছেন।
শুক্রবার গ্রুপের আরেক ম্যাচে শ্রীলংকাকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে চীন। চার রাউন্ড শেষে চীন ও বাংলাদেশ দুই দলেরই ঝুলিতে সমান ১২ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষস্থানে চীন। স্বাগতিকরা প্রতিপক্ষকে ৩৮ গোল দিলেও হজম করেনি একটিও! আবার বাংলাদেশ প্রতিপক্ষকে ২০ গোল দিয়ে মাত্র একটি হজম করে।
পয়েন্ট সমান হওয়ায় আজকের ম্যাচটি দুই দলের জন্যই ‘বাঁচা-মরা’র। পয়েন্ট তালিকায় ওপরে থাকা দলটি আগামী বছর মে মাসে সৌদি আরবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলার টিকিট পাবে। সেই দলটি কি চীন, নাকি চমক দেখাবে ছোটনের দল?
চীনের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ চলতি বাছাইপর্বে পূর্ব তিমুরকে ৫-০ গোলে, ব্রুনেইকে ৮-০ গোলে, শ্রীলংকাকে ৫-০ গোলে ও বাহরাইনকে ২-১ গোলে হারায়। চীন ৪-০ গোলে বাহরাইনকে, ১৪-০ গোলে তিমুর-লেস্তেকে, ১২-০ গোলে ব্রুনেইকে ও শ্রীলংকাকে ৮-০ গোলে হারিয়েছে। সবকিছুর বিচারে আজ চীনই নামছে ফেভারিট হিসেবে। তাদের স্বপ্নভঙ্গ করে মূল পর্বে কোয়ালিফাই করতে চাইলে লাল-সবুজ জার্সিধারী কিশোরদের জীবনের সেরা ফুটবল খেলতে হবে আজ।
সৌদি আরবে অনুষ্ঠেয় আগামী বছরের অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপে খেলবে মোট ১৬টি দল। এরই মধ্যে স্বাগতিক সৌদি আরবসহ ৯ দল মূল পর্বে জায়গা করে নিয়েছে, বাকি ৭ দল যাবে বাছাইপর্ব খেলে। ৭টি গ্রুপ চ্যাম্পিয়ন উঠে যাবে মূল পর্বে। এরই মধ্যে মূল পর্বে উঠে গেছে সৌদি আরব (স্বাগতিক ও দুবারের চ্যাম্পিয়ন), কাতার (একবারের চ্যাম্পিয়ন), উজবেকিস্তান (দুবারের চ্যাম্পিয়ন), দক্ষিণ কোরিয়া (দুবারের চ্যাম্পিয়ন), উত্তর কোরিয়া (দুবারের চ্যাম্পিয়ন), জাপান (চারবারের চ্যাম্পিয়ন), ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, তাজিকিস্তান।
এশিয়া কাপে এখন পর্যন্ত অনূর্ধ্ব-১৭ পর্যায়ে দুবার ও অনূর্ধ্ব-১৬ পর্যায়ে চারবার অংশ নিলেও কোনোবারই গ্রুপ পর্ব পেরোতে পারেনি বাংলাদেশ।










