দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ শুক্রবার ‘এ’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২৯২ রানের বিশাল টার্গেট দিয়ে ১২১ রানের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ। আরিফুল ইসলামের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯১ রান সংগ্রহ করে বাংলাদেশের যুবারা। জবাবে যুক্তরাষ্ট্র ৪৭.১ ওভারে ১৭০ রান করে অলআউট হয়ে যায়। এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে সুপার সিক্স পর্বে খেলা নিশ্চিত হলো বাংলাদেশের। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল উঠবে সুপার সিক্স পর্বে।

 

টস জিতে ফিল্ডিং নেয় যুক্তরাষ্ট্র। ২৯ রানে প্রথম ও ৯৪ রানে তৃতীয় উইকেটের পতন ঘটায় যুক্তরাষ্ট্র। এরপর আহরার আমিন ও আরিফুলের দারুণ এক জুটিতে স্থিতি আসে বাংলাদেশ ইনিংসে। ১১৫ বলে ১২২ রান যোগ করেন দুজন। দলের ২১৬ রানের সময় সাজঘরে ফেরেন আহরার আমিন। তিনি ৪৯ বলে ৪৪ রান করেন। আরিফুল ফিরেছেন সেঞ্চুরি তুলে নেয়ার পরই। তিনি ১০৩ বলে ৯ বাউন্ডারিতে ১০৩ রান করে আউট হয়ে যান। এরপর আয়ারল্যান্ড ম্যাচে জয়ের নায়ক শিহাব জেমস (৩১) ও শেখ ইমনের (১৩*) ব্যাটে ভর করে বাংলাদেশ ২৯১ রানের বড় পুঁজি পায়।

 

যুক্তরাষ্ট্রের আর্য গার্গ ৬৮ রানে তিনটি ও আরিন নড়কার্নি ৬১ রানে দুটি উইকেট নেন।

 

এরপর বাংলাদেশের বোলারদের চ্যালেঞ্জে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্রের ব্যাটাররা। অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বী ৩১ রানে চারটি উইকেট শিকার করে যুক্তরাষ্ট্রের বড় ক্ষতিটা করেন। এছাড়া ইকবাল হোসেন ইমন, শেখ জীবন, রাফি উজ্জামান রাফি ও আরিফুল নেন একটি করে উইকেট। যুক্তরাষ্ট্রের প্রনব পেত্তিপালায়ম সর্বোচ্চ ৫৭ রান করেন।

আজ ‘বি’ গ্রুপ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে ইংল্যান্ডকে ও ‘ডি’ গ্রুপ ম্যাচে নেপাল ১ উইকেটে আফগানিস্তানকে হারায়।

 

২০২০ সালে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ জয় করে বাংলাদেশ।