বিশ্বব্যাপী নারী-পুরুষের আয়ের বৈষম্যের একটি চিত্র দেখা গেল আজ বৃহস্পতিবার (২০ জুলাই) শুরু হওয়া ফিফা নারী বিশ্বকাপের আসরে। সিএনএনের বিশ্লেষণ থেকে জানা যায়, গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপে পুরুষদের উপার্জিত এক ডলারের বিপরীতে নারীরা পাচ্ছেন গড়ে ২৫ সেন্ট। অর্থাৎ, এক-চতুর্থাংশ।

অবশ্য ২০১৯ সালের নারী বিশ্বকাপের তুলনায় এবার অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। ওই সময় পুরুষদের তুলনায় নারীদের আয় ছিল ডলারে আট সেন্টের কম।

এসব তথ্যের উৎস বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও গ্লোবাল প্লেয়ারস ইউনিয়ন ফিফপ্রো।

নিউজিল্যান্ডের অকল্যান্ডে আজ বিশ্ব ফুটবলের জনপ্রিয় এ আসরের উদ্বোধন হয়েছে। যৌথ আয়োজনে আরো আছে অস্ট্রেলিয়া।

গত মাসে নারী বিশ্বকাপের জন্য ফিফা রেকর্ড ১১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করে। এর মধ্যে খেলোয়াড়দের পকেটে যাবে অর্ধেকের কাছাকাছি অর্থাৎ চার কোটি ৯০ লাখ ডলার। অংশগ্রহণের জন্য প্রতি খেলোয়াড় পাবেন কমপক্ষে ৩০ হাজার ডলার, আর বিজয়ীরা পাবেন দুই লাখ ৭০ হাজার ডলার করে।

পুরস্কার ছাড়াও বিশ্বকাপ প্রস্তুতির জন্য ফেডারেশন ও ক্লাবকে চার কোটি ২০ লাখ ডলার দেয়ার কথা জানায় ফিফা।

গত মার্চে নারী ও পুরুষ খেলোয়াড়দের বেতন বৈষম্য নিয়ে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, নারী ফুটবল ও সমতার ঐতিহাসিক যাত্রা নিয়ে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। তাদের লক্ষ্য ২০২৬ সালের পুরুষ বিশ্বকাপ ও ২০২৭ সালের নারী বিশ্বকাপে অর্থ প্রদানের ক্ষেত্রে সমতা আনা।