ঐতিহ্যবহুল দ্বৈরথ জার্মান ক্লাসিকে চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

শনিবারের রোমাঞ্চকর এই ম্যাচে ৪৫ মিনিটে মার্কো রিউসের গোলে আগে লিড নিয়েছিল ডর্টমুন্ডই। অবশ্য প্রথমার্ধেই যোগ করা সময়ে চাতুর্য্যপূর্ণ এক ফ্রি-কিকে সমতা আনেন বায়ার্নের ডেভিড আলাবা। তার শটটি ডর্টমুন্ডের এক খেলোয়াড়ের গায়ে লেকে সামান্য দিক পাল্টে জালে জড়িয়ে যায়। 

পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি ৪৮ মিনিটে লুকাস হার্নান্দেজের ক্রসে মাথা ছুঁয়ে গোল করলে বায়ার্ন এগিয়ে যায় ২-১-এ। ম্যানসিটি থেকে আসা লেরয় সানে ৮০ মিনিটে ব্যবধান করেন ৩-১। এর তিন মিনিট পর নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং ব্রাউট হালান্ড বায়ার্ন গোলকিপার ম্যানুয়েল নুয়্যারকে বোকা বানিয়ে গোল করলে ব্যবধান হয়ে যায় ২-৩, প্রাণও ফেরে ‘ডার ক্লাসিকার’ নামক এই ম্যাচে। যদিও শেষ অবধি বায়ার্নই জয় নিয়ে মাঠ ছাড়ে।

শনিবার আরবি লিপজিগ ৩-০ গোলে হারায় এসসি ফ্রেইবুর্গকে, স্টুটগার্ট ২-২ গোলে ড্র করে ফ্রাংকফুর্টের সঙ্গে। 

৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বায়ার্ন মিউনিখ, সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিপজিগ দুইয়ে ও ডর্টমুন্ড ১৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। 

শনিবার স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা ৫-২ গোলে রিয়াল বেটিসকে ও অ্যাতলেটিকো মাদ্রিদ ৪-০ গোলে কাদিজকে হারায়। বার্সার জয়ে লিওনেল মেসি করেন জোড়া গোল। 

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-১ গোলে এভারটনকে, চেলসি ৪-১ গোলে লিডস ইউনাইটেডকে ও ওয়েস্ট হাম ১-০ গোলে ফুলহামকে হারায়। 

ফ্রেঞ্চ লিগ ওয়ানে রেনেকে ৩-০ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই। পিএসজির হয়ে জোড়া গোল করেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। তৃতীয় গোলটি করেন ময়েজ কিন। 

প্রিমিয়ার লিগে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। এছাড়া আর্সেনাল খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে আর টটেনহামের প্রতিপক্ষ ওয়েস্ট ব্রম। 

ইতালিতে আজ ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস খেলবে ল্যাজিওর বিপক্ষে আর ইন্টার মিলান মুখোমুখি হবে আটালান্টার। 

সূত্র: বিবিসি