ঢাকায় চলমান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার ফাইনালের সম্ভাবনা তৈরি হয়েছিল। যদিও আজ সেমিফাইনালে দুই দলই হেরে যাওয়ায় সেই সম্ভাবনার মৃত্যু হলো। ভারতকে ৫-৩ গোলে হারিয়েছে জাপান, আর পাকিস্তান ৫-৬ গোলের ব্যবধানে পরাজিত হয় দক্ষিণ কোরিয়ার কাছে।



ভারত ৩-৫ জাপান

২০১৩ সালে নিজেদের মাঠে অনুষ্ঠিত তৃতীয় আসরে ফাইনাল খেলে জাপান। সেবার ফাইনালে পাকিস্তানের কাছে ৩-১ গোলে হারে তারা। আর ভারতের বিপক্ষে জাপানের সর্বশেষ জয় ছিল ২০১৩ সালের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সে ম্যাচে স্বাগতিক জাপান ২-১ গোলে জিতেছে। দুই দেশের সর্বশেষ লড়াইয়েও ভারত ৬-০ গোলে জিতেছে। আজ তাই ফেভারিট হিসেবেই নেমেছিল হারমানপ্রিত সিংয়ের দল। যদিও ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শক্তিশালী ভারতকে অনেকটা সহজেই হারিয়ে দেয় জাপানিরা।

প্রথম কোয়ার্টারেই ২-০ গোলে এগিয়ে যায় জাপান। দ্বিতীয় কোয়ার্টারে দুই দল একটি করে গোল করলে ব্যবধান হয়ে যায় ৩-১। তৃতীয় কোয়ার্টারে আরো দুই গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় জাপান (৫-১)। চতুর্থ কোয়ার্টারে ভারত দুটি গোল দিলেও হার এড়াতে তা যথেষ্ট ছিল না। সব মিলে, জাপান ৫-৩ গোলের জয় তুলে নিয়ে ফাইনালে নাম লেখায়।

আজ দিনের প্রথম ম্যাচে স্নায়ুক্ষয়ী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দক্ষিণ কোরিয়া।


পাকিস্তান ৫-৬ দক্ষিণ কোরিয়া

প্রথম কোয়ার্টারে ২-১ গোলের লিড নেয় দক্ষিণ কোরিয়া।  দ্বিতীয় কোয়ার্টারে দুই দলই দুটি করে গোল আদায় করে নিলে স্কোরলাইন দাঁড়ায় ৪-৩। তৃতীয় কোয়ার্টারে আরেক গোল করে অবস্থান সংহত করে কোরিয়ানরা (৫-৩)। চতুর্থ কোয়ার্টারে দুই গোল করে ম্যাচ জমিয়ে দেয় পাকিস্তান। যদিও ৫৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রতিযোগিতায় নিজের অষ্টম গোল করে কোরিয়ার জয় নিশ্চিত করেন জ্যাং জং ইয়োন।