কাতার বিশ্বকাপ
জয়ের সুবাদে অনেক পুরস্কারই পেয়েছেন লিওনেল মেসি। সর্বশেষ ব্যালন ডি অর পুরস্কারও
দখলে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে এবার তাকে টপকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব
ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) বর্ষসেরা ফুটবলার হয়েছেন
আরালিং হালান্ড। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) প্রকাশ করা আইএফএফএইচএস-২০২৩ সালের সেরা
ফুটবলারের চূড়ান্ত তালিকায় আর্জেন্টাইন অধিনায়ক মেসি হয়েছেন তৃতীয়। মেসি ও
ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পেকে টপকে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন হালান্ড।
হালান্ড ব্যালন
ডি অরেও ছিলেন মেসির প্রতিদ্বন্দ্বী। যদিও শেষ পর্যন্ত ব্যালন ডি অর যায় লিওর
হাতে। প্রথম নরওয়েজীয় ও ম্যানসিটি খেলোয়াড় হিসেবে এ স্বীকৃতি পেলেন হালান্ড।
হালান্ড এ বছর
ম্যানচেস্টার সিটির হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ,
এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব
বিশ্বকাপ জিতেছেন। চলতি বছর এখন পর্যন্ত ৬০ ম্যাচে করেছেন ৫০ গোল।
চূড়ান্ত ভোটের
পর হালান্ডের পয়েন্টের ধারেকাছেও নেই এমবাপ্পে ও মেসি। হালান্ড পেয়েছেন ২০৮
পয়েন্ট। এমবাপ্পে ১০৫ ও মেসি পেয়েছেন ৮৫ পয়েন্ট। এ বছর সর্বোচ্চ গোলদাতার তালিকায়
শীর্ষে (৫৩ গোল) উঠে এলেও ক্রিস্টিয়ানো রোনালদো অবশ্য সেরা দশে জায়গা পাননি।
এছাড়াও সেরা
গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন ম্যানসিটিতে খেলা ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন।
দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে এ পুরস্কার জিতলেন তিনি।










